রবিবার, ১০ মার্চ, ২০১৯, ০৮:৪৬:৩১

কারাগারে ‘বিশেষ ব্যবস্থায়’ হিরো আলম, খাবার তালিকায় রয়েছে..

কারাগারে ‘বিশেষ ব্যবস্থায়’ হিরো আলম, খাবার তালিকায় রয়েছে..

বগুড়া থেকে : নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার এ সময়ের আলোচিত মডেল-অভিনেতা হিরো আলম গত বৃহস্পতিবার থেকে বগুড়ার জেলা কারাগারে আটক রয়েছেন। সেখানে তাকে অন্য আসামিদের থেকে আলাদাভাবে রাখা হয়েছে। ভক্তদের বিড়ম্বনা এড়াতেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার মোকাম্মেল হোসেন। 

কারাগারে হিরো আলম ভালো ও সুস্থ আছেন জানিয়ে আজ রোববার বগুড়ার জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, হিরো আলমকে সাধারণ হাজতিদের সঙ্গে ওয়ার্ডে রাখা হয়নি। তিনি ‘জনপ্রিয় ইউটিউব স্টার’। তাই নিরাপত্তার কথা ভেবে ‘বিশেষ ব্যবস্থায়’ তাকে জেলের সেলে রাখা হয়েছে। কারাগারের সেলে থাকলেও হিরো আলম নিয়ম-কানুন মেনে চলছেন।

জেল সুপার আরও জানান, হিরো আলমকে গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কারাগারে আনা হয়। জেলের নিয়ম অনুযায়ী প্রথম দিন রাতের খাবার হিসেবে তাকে খিচুড়ি দেওয়া হয়েছিল। কারাগারের অন্য বন্দীদের মতো গতকাল শনিবার সকালে রুটি ও বুট, দুপুরে ভাত, ডাল ও সবজি এবং রাতে মাছ-ভাত খাওয়ানো হয়েছে তাকে।

এর আগে গত বুধবার রাত সাড়ে ১০টার স্ত্রীকে নির্যাতনের মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ। শ্বশুর সাইফুল আলম খোকন তার মেয়ে সাবিহা আক্তার সুমিকে নির্যাতনের অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন মামলা করেন।

মামলায় খোকন অভিযোগ করেন, ২ লাখ টাকা যৌতুক চেয়ে হিরো আলম তার মেয়েকে শহরতলির এরুলিয়ায় পালিপাড়ায় তার বাড়িতে নির্যাতন করে আসছিলেন। মেয়ের ওপর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি তাকে এক লাখ টাকা যৌতুকও দেন। 

কিন্তু তারপর আরও এক লাখ টাকা যৌতুক দাবি করে হিরো আলম তার মেয়েকে নির্যাতন করেই আসছিলেন। এই ধারাবাহিকতায় গত মঙ্গলবারও তিনি তার মেয়েকে অমানষিক নির্যাতন করেন। এতে তার মেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে