বিনোদন ডেস্ক : বনানীর অগ্নিকাণ্ডের সময় ‘ঢাকার সুপারম্যান’ খ্যাত নাঈমের সেই অসাধারণ ভূমিকায় আলোচনায় আসার পর টিভি উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় নাঈমের একান্ত সাক্ষাৎকার নেন।
ওই সাক্ষাৎকার প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় চলে আসেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এরপরই নানা ধরনের হুমকির মধ্যে রয়েছেন বলে তিনি জানান।
তিনি এমন সাক্ষাৎকার প্রচারের পর এর দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ সবার কাছে ‘জীবন ভিক্ষা’ চেয়েছেন। মঙ্গলবার মশিউর রহমান নামে একটি পেজ থেকে জয়ের ভিডিওবার্তাটি পোস্ট দেয়া হয়।
ভিডিওবার্তায় জয় বলেন, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে কিছু কথা বলব। কথাগুলো অত্যন্ত জরুরি। কারণ আপনারা সবাই আমার ওপর ক্ষিপ্ত এবং আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছেন থ্রেট দিচ্ছেন। আমার ফেসবুক হ্যাকড হয়েছে। আমাকে গালাগাল করছেন।
শিশু নাঈমকে কোনো কথা শিখিয়ে দেননি দাবি করে তিনি বলেন, একটি কথা আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই- এই যে নাঈম ছেলেটির আমি ইন্টারভিউ নিয়েছি, আমি সবসময় ইন্টারভিউয়ের প্রোগ্রাম করি। কিন্তু আমি আল্লাহর কসম দিয়ে বলছি- নাঈমকে আমি কোনো কথা শিখিয়ে দেইনি। নাঈম যে বক্তব্য দিয়েছে, সে কোথাও থেকে শিখে এসেছে কিনা জানি না। কিন্তু সে আমার অনুষ্ঠানে বসে নিজের দায়িত্বে এ কথা বলেছে।
ভিডিওবার্তায় জয় আরও বলেন, কোনো জাতীয় নেতা নিয়ে মন্তব্য করার সাহস আমার নেই, আমি করতেও চাই না, সবাই সম্মানিত। জাতীয় নেতা যারা বা যারা একসময় ক্ষমতায় ছিলেন বা এখন ক্ষমতায় আছেন সবাই সম্মানিত। আমার মতো ক্ষুদ্র মানুষের তাদেরকে নিয়ে কোনো আলোচনা সাজে না। হ্যাঁ, আমি কোনো বিশেষ দলের সদস্য হতে পারি। কিন্তু আমি অন্য দল নিয়ে কটূক্তি করার বা অন্য দলের নেতা নিয়ে কটূক্তি করার অধিকার রাখি না এবং আমি সেটা করিও না।
তিনি বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটা যে ছোট ছেলেটি বলেছে, আমি নিজেই কথাটি শুনে হতবাক হয়েছি এবং দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসা করেছি যে, আমার ইন্টারভিউটা আমি এ রকমভাবে উত্তর আমি নিজেও আশা করিনি। কিন্তু উত্তর হয়ে গেছে। এখন আমি একটি দায়িত্ব নিতে পারি যে, কেন আমি তা প্রচার করেছি। আমি সবসময় মানুষ যা বলে তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি, দর্শকের কাছে সব কিছু সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করি।
জয় বলেন, তো আপনারা যারা আমাকে ভুল বুঝছেন- আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতে পারি যে, আপনারা আমাকে একদম মিছেমিছি ভুল বুঝছেন। আমার ফেসবুক হ্যাকড করছেন। আমাকে অপমান করছেন। আমাকে আপনারা থ্রেট দিচ্ছেন। আমার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন।
জয় বলেন, আমি বলব যে, আমি এর জন্য দায়ী নই। যে যার বক্তব্য দেয়, কোনো বক্তব্য শেখানো নয়। এখন নাঈম ছেলেটি, তার বাবা ছিল মা ছিল, সে তার বক্তব্য নিজের দায়িত্বে দিয়েছে। সে নিজে শিখে এসেছে কিনা কোথা থেকে সেটা আমি বলতে পারব না। কিন্তু আমি একদম হানড্রেড পারসেন্ট আপনাদের বলছি- আমি এটি বলিনি, তাকে শিখাইনি।
এ অভিনেতা আরও বলেন, যদি কখনও কেউ প্রমাণ করতে পারে আমি শিখিয়েছি, আমি ওকে শিখিয়ে আমার ইন্টারভিউ দিয়েছি, তাহলে আমি কোনো দিনই উপস্থাপনা করব না এবং আপনারা না চাইলে উপস্থাপনার প্রফেশনই ছেড়ে দেব, প্রয়োজনে। কাজেই আপনারা আমাকে অপমান-অপদস্ত এবং থ্রেট দেবেন না। আমি বাঁচতে চাই, থাকতে চাই- কাজ করতে চাই।
তার জীবন এখন হমকির মুখে দাবি করে সবশেষে জয় বলেন, আমি খুবই সাধারণ একজন মানুষ। আমাকে সে জায়গাটা আপনারা ক্ষতি করবেন না। এবং আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে আমার জীবন ভিক্ষা চাই। কারণ আমি যে ধরনের থ্রেট পাচ্ছি, সে ধরনের থ্রেট নিয়ে আসলে বেঁচে থাকা খুবই মুশকিল।