বিনোদন ডেস্ক : রাজনীতিতে হাতেখড়ি হয়েছে মাত্র ক’দিন আগে। আর এর মধ্যেই রাজনৈতিক বক্তৃতায় ক্রমশ ‘আক্রমণাত্মক’ হয়ে উঠছেন নুসরাত জাহান। তৃণমূল কংগ্রেসে হয়ে লোকসভায় বসিরহাটের প্রার্থী নুসরাত জাহান।
দিনহাটা ও মাথাভাঙায় দলনেত্রী মমতা ব্যানার্জীর সভায় যোগ দিয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের নবাগতা প্রার্থী নুসরাত। বাংলায় মোদি-শাহের ভোটপ্রচারকে নিশানা করে নুসরাতের কটাক্ষ ‘‘ওরা পরিযায়ী পাখির মতো।’’
এরপরই মোদিকে বিঁধে বসিরহাটের তৃণমূল প্রার্থী বলেন, ‘বাংলায় এসে মানুষের সামনে মিথ্যা কথা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দেন। আমরা চপ খেতে ভীষণ ভালবাসি। কিন্তু এই ঢপের চপ তো আমাদের দিলে চলবে না!’
মোদিকে আক্রমণ করে এদিন ঠিক কী বলেছেন নুসরাত? মাথাভাঙার সভায় এই টলি গ্ল্যামার ক্যুইন বলেন, ‘শীতকালে দেখবেন আমাদের গ্রামে নদীর ধারে প্রচুর নতুন পাখি দেখা যায়। সারা বছর দেখা যায় না। শুধুমাত্র শীতকালে দেখা যায়। সে রকমই নির্বাচনের আগে কিছু লোক বাড়ির বাইরে বেরিয়ে আসেন, তাদের পরনে গেরুয়া কুর্তা থাকে, তারা নিজেদের নেতা বলেন।’
তিনি বলেন, তারা মানুষের সামনে এসে মিথ্যা কথা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দেন। এরপর গো-হারান হেরে বাড়ি চলে যান। কিন্তু আবার আসেন। তারা কি বাংলার মানুষকে বোকা ভাবেন? বাংলার মানুষ সাদামাটা, বোকা তো নয়।’
এরপর মোদীকে কটাক্ষ করে বসিরহাটের তৃণমূল প্রার্থী আরও বলেন, ‘আমরা ভীষণ চপ খেতে ভালবাসি। সে আলুর চোপ হোক কী মোচার চপ। কিন্তু এই ঢপের চপ আমাদের দিলে তো চলবে না!’