আন্তর্জাতিক ডেস্ক : জীবনের শেষ ইচ্ছাটা আর পূরণে হয়নি অভিনেতা টেলি সামাদের। তার সেই ইচ্ছাটা ছিল অভিনয়ে ফেরা। অভিনয় জগতের মানুষের এমন ইচ্ছাই স্বাভাবিক। তবে নিয়তি সেই ইচ্ছা পূরণ করতে দেয়নি তাকে।
২০১৫ সালে সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ‘জিরো ডিগ্রি’ ছবিতে। এরপর অসুস্থতার কারণে আর নিয়মিত হতে পারেননি তিনি। জীবনের শেষদিকে গণমাধ্যমে সাক্ষাতকার দিতে গিয়ে তিনি বলেছিলেন, অভিনয় ছাড়া বাঁচা আমার পক্ষে অসম্ভব।
বেশকিছু ছবিতে অভিনয়ের ব্যপারে কথা হচ্ছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ছবিতে অভিনয়ের অকেন প্রস্তাব পাচ্ছেন জানিয়ে টেলি সামাদ বলেছিলেন, অভিনয়ের জন্য মন সবসময় টানে কিন্তু বললেইতো আর ফিরতে পারি না। শারীরিক অবস্থার এতোটাই খারাপ যে ইচ্ছা থাকা সত্ত্বেও সাড়া দিতে পারিনা।
তবুও আশাবাদী ছিলেন এই জনপ্রিয় কৌতুক অভিনেতা। তিনি বলেছিলেন, আশাকরি খুব শিগগিরই মাস খানেকের মধ্যে ফিরব। বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার অভিনয়ে ফিরতে পারি। শেষতক সে আশা পূরণ হয়নি তার। সবকিছুর মায়া কাটিয়ে আজ ৬ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা।
টিভিতে সরাসরি একটি গানের অনুষ্ঠান করারও পরিকল্পনা ছিলো টেলি সামদের। সে অনুষ্ঠানে তিনি নিজেই জনপ্রিয় কিছু গান গাইবেন বলে জানা গিয়েছিল। কিছুই করা হলো না তার। টেলি সামাদ ঢাকাই ছবির একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা। টিভি, চলচ্চিত্রও মঞ্চে অভিনয়ে অবাদ বিচরণ ছিল তার। অভিনয় ক্যারিয়ারে টেলি সামাদ ৬ শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন।