শনিবার, ০৬ এপ্রিল, ২০১৯, ০৯:৫৫:১৪

ভুল চিকিৎসার কারণে মারা যাচ্ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী!

ভুল চিকিৎসার কারণে মারা যাচ্ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী!

বিনোদন ডেস্ক : জুহি পারমার, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। বহুদিন ধরে অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন তিনি। কিছুদিন আগেই হোলি সেলিব্রেট করতে এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর তার পরই ভুল চিকিৎসায় মৃত্যুমুখে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। 

সদ্য সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নায়িকা। ঠিক কী হয়েছিল? কেন ভুল চিকিৎসা হল জুহির?

জুহি জানিয়েছেন, হোলি সেলিব্রেট করতে বান্ধবী আশকা গোরাডিয়ার বাড়ি গিয়েছিলেন। সেখানে হঠাৎই তার নাক বন্ধ হয়ে যায়। নিঃশ্বাসের সমস্যা শুরু হয়। তার পরই আশকা ও তার স্বামী জুহির চিকিৎসার ব্যবস্থা করেন। সেজন্য আজীবন আশকার কাছে কৃতজ্ঞ থাকবেন বলেও জানিয়েছেন জুহি।

ভুল চিকিৎসা কী ভাবে হল জুহির? আশকা সাংবাদিকদের বলেন, ‘হোলির দিন ডিনারে জুহি আর ওর মেয়ে আমার বাড়িতে এসেছিল। সব ঠিকই ছিল। হঠাৎই জুহি বমি করতে শুরু করে। নাক বন্ধ হয়ে যায়। তার পরই নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে ওর। আমরা বাড়ির কাছের একটা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে ভুল ওষুধ দেওয়ার ফলে ওর সমস্যা আরও বেড়ে যায়।’

আশকা জানিয়েছেন, সমস্যাটা বুঝতে পেরেই নিজেদের দায়িত্বে জুহিকে ওই হাসপাতাল থেকে বের করে নিয়ে আসেন তারা। দ্রুত অন্য একটি হাসপাতালে ভর্তি করেন। তারপর সঠিক চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। কিন্তু মারাত্মক কিছু ঘটনা ঘটে যেতে পারত যে কোনও মুহূর্তে। প্রথম হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার কোনও লিখিত অভিযোগ জানিয়েছেন কিনা, তা অবশ্য প্রকাশ্যে বলতে চাননি কেউই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে