বিনোদন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের ধর্মীয় শহর মহেশ্বরে চলছে বলিউডের ভাইজান সালমান খানের অন্যতম ব্যবসা সফল ছবি ‘দাবাং’য়ের সিকুয়েল ‘দাবাং-থ্রি’-এর শুটিং। সেই শুটিং ঘিরে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে সালমানের বিরুদ্ধে।
ছবিটির শুটিংয়ের বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে নেটজগতে। এরই মধ্যে ভাইরাল ছবিগুলোর একটিকে ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়লেন সালমান। দেশটির আসন্ন লোকসভা নির্বাচনে মধ্য এই বিতর্ক গিয়ে ঠেকেছে রাজনীতিতে।
বিতর্কিত ওই ছবিতে দেখা গেছে, ‘দাবাং-থ্রি’ ছবির শুটিং সেটে একটি কাঠের তক্তার নিচে অযত্নে পড়ে আছে হিন্দু ধর্মের পুজোনীয় শিবলিঙ্গ। সেই তক্তার ওপর দিয়ে চলাফেরা করছেন সেটের কর্মীরা।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অনেকে অভিযোগ করেছেন, সালমান খান শিবলিঙ্গ ঢাকা থাকা ওই কাঠের ওপর ওঠে নেচেছেন। স্থানীয় বিজেপি নেতা রামেশ্বর শর্মা বলেন, ‘শিবলিঙ্গ অবমাননার দায়ে সালমানের বিরুদ্ধে এফআইআর করা হবে।’
এদিকে এমন বিতর্কচলাকালে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন সালমান। তিনি শুটিং সেটে ওই শিবলিঙ্গের ওপর লাগানো কাঠ সরিয়ে ফেলেন। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ করেন ভক্তদের। এ বিষয়ে একটি বিবৃতিও দিয়েছেন সালমান।
শিবলিঙ্গ বিষয়ে সালমান বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমি নিজেই একজন বড় শিবভক্ত। শিবলিঙ্গ অবমাননা করা আমার প্রশ্নই আসেনা।’
তিনি বলেন, ‘আপনারা যদি এখানে শুটিং করতে না দেন, ‘তা হলে প্যাকআপ করে চলে যাব। মুখ্যমন্ত্রীর কমলনাথের ইচ্ছাতেই এখানে শুটিং করতে এসেছিলাম। মহেশ্বরকে আমি নিজের বাড়ি বলেই মনে করি। কেননা আমার এক দাদা এই এলাকার পুলিশ অফিসার ছিলেন। আর আমি চুলবুল পাণ্ডে হয়ে নিজের মাঝে তার ছায়া দেখেছি।’