বিনোদন ডেস্ক: এ সময়ের সেরা ফুটবলার বলা হয় লিওনেল মেসিকে। আর দিয়েগো ম্যারাডোনা তো বিশ্বজুড়েই ফুটবলের নন্দিত এক আবেগের নাম। সেই মেসি-ম্যারাডোনার দেশ আর্জেন্টিনায় সাড়া ফেলে দিয়েছেন এক সালমান খান ভক্ত।
বলিউডের সিনেমা এখন বিশ্বজুড়ে মুক্তি পায়। সেই সৌজন্যে বিশ্বের নানা দেশে রয়েছে বলিউড তারকাদের ভক্ত। সেই সুবাদেই আর্জেন্টিনায় দেখা মিললো পাগল এক সালমান ভক্তের। যিনি সালমানের সিনেমার নামে রেস্তোরাঁ খোলে আলোচনায় এসেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানিয়েছে, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে একটি রেস্তোরাঁ রয়েছে। যার নাম ‘গ্রান দাবাং’। এটি লাতিন শব্দ যার মানে দাঁড়ায় গ্রেট দাবাং। রেস্তোরাঁটির সাজানো হয়েছে সালমানের ‘দাবাং’ সিনেমার পোস্টার দিয়ে।
প্রতিবেদনটি আরো জানিয়েছে, রেস্তোরাঁটির মেন্যুতে রয়েছে আর্জেন্টিনা ও দক্ষিণ এশিয়ার বিখ্যাত সব খাবার। রেস্তোরাঁটির অফিশিয়াল ফেসবুক পেজে ‘দাবাং’ সিনেমার পোস্টার দেখা যাচ্ছে। যেখানে সালমান তার প্রিয় চশমা পড়ে রয়েছেন। আরেকটি পোস্টারে দেখা যাচ্ছে পুলিশের ইউনিফর্ম পরা সালমান আর শাড়ি পরা সোনাক্ষি সিনহা।
শুধু ভারতেই জনপ্রিয় নয়, সালমানের চুলবুল পান্ডে চরিত্রটি লাতিন আমেরিকায়ও ছড়িয়ে পড়েছে তারই প্রমাণ মিললো এই রেস্তোরাঁর খবরে।এরইমধ্যে রেস্তোরাঁটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আর্জেন্টিনায়। সেখানে ভারতীয়সহ বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে ‘গ্রেট দাবাং’