বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির হালের অভিনেত্রী পূজা চেরি। ‘নূরজাহান’, ‘পোড়ামন-২’, ‘দহন’ ছবিগুলোতে অভিনয় করে ঢাকাই সিনেমায় বেশ প্রশংসা কুড়িয়েছেন। এই বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। সোমবার দুপুরে পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। নায়িকা জানালেন কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
ঢাকা বোর্ডের অধীনে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার একটি স্কুল থেকে এবার পূজা চেরী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স্কুলের নাম জানাতে চাননি পূজা। তবে জানালেন, জিপিএ ৪.৩৩ পেয়েছেন তিনি।
পূজা বলেন, স্কুলের নামটা না বলি। বাণিজ্য বিভাগ থেকে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছি আমি, জিপিএ পেয়েছি ৪.৩৩। এই রেজাল্টে খুব খুশি হয়েছি আমি। আমার পরীক্ষার ফলাফলে পরিবারের সবাই খুশি। এখন ইচ্ছে ভালো একটা কলেজে পড়ার। রেজাল্ট অনুযায়ী কলেজ সিলেকশন আসবে, সেখান থেকে পছন্দ করতে হবে। তারপরও চেষ্টা থাকবে ভালো কলেজ থেকে এইচএসসি দেয়া।