বুধবার, ০৫ জুন, ২০১৯, ০৯:৫১:০০

প্রিয়মানুষ এটিএম শামসুজ্জামানকে দেখতে ঈদের দিন হাসপাতালে ছেলের সঙ্গে ইলিয়াস কাঞ্চন

প্রিয়মানুষ এটিএম শামসুজ্জামানকে দেখতে ঈদের দিন হাসপাতালে ছেলের সঙ্গে ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন কিংবদন্তি অভিনেতা এটি এম শামসুজ্জামান। ঈদের দিনটাও তাকে কাটাতে হলো হাসপাতালে। এদিকে ঈদের দিন এটিএম শামসুজ্জামানকে দেখতে হাসপাতালে গেলেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

জানা যায়, সকালে ঈদের নামাজ পড়েই সরাসরি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার ছেলে মিরাজুল মইন জয়ও উপস্থিত ছিলেন। তারা এটি এম শামসুজ্জামান এর শয্যা পাশে গিয়ে স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

ঈদের দিন হাসপাতালে ইলিয়াস কাঞ্চনকে পাশে পেয়ে এটিএম খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। দীর্ঘদিনের চলার সাথী অতি আপন জনকে বুকে জড়িয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।

ইলিয়াস কাঞ্চন জানান, উনি অসুস্থ হওয়ার পর আমি নিয়মিত তার খোঁজ খবর রাখছি। বেশ কয়েকবার এখানে তার সঙ্গে দেখা করতে এসেছি। আজ ঈদের এই দিনে আমাদের সকলের প্রিয় এই মানুষটি হাসপাতালে শুয়ে আছেন। আমি যত দুর জানি জীবনের এই প্রথম তিনি হাসপাতালে ঈদ করছেন। তার সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয়, এত স্মৃতি। যা বলে বোঝানো যাবে না। শুধু তাই নয়, এটিএম ভাই আমার মরহুম স্ত্রী জাহানারার ভীষণ প্রিয় একজন মানুষ ছিলেন। এটিএম ভাই আমার স্ত্রীকে ভীষণ স্নেহ করতেন। যে কথাটি না বললেই নয়, আপনারা জানেন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী মারা যায়। সেদিন আমার স্ত্রীর সঙ্গে ওই গাড়িতে এটিএম ভাইও ছিলেন। সেদিন এটিএম ভাই এর কোনো সিনেমার শুটিং ছিল না। এরপরও তিনি আমার স্ত্রীর সঙ্গে আমার কাছে আসছিলেন দেখা করতে। একজন মানুষ কতটা আপন হলে সে সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন অভিনেতা কাজ ছাড়াই এভাবে আমাদের সময় দেন তা বলার অপেক্ষা রাখে না।’

ইলিয়াস কাঞ্চন দেশবাসীর কাছে এটিএম শামসুজ্জামানের জন্য দোয়া চেয়েছেন, যেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে