সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ১২:৩০:৪৮

মুম্বই থেকে নতুন খবর জানালেন সিমলা

মুম্বই থেকে নতুন খবর জানালেন সিমলা

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির হিট নায়িকা সিমলা অনেকদিন ধরেই মুম্বইয়ে আছেন। এরইমধ্যে সেখানে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান কিংস এন্টারপ্রাইজের ব্যানারে ‘সফর’ নামে একটি হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন অর্পণ রায় চৌধুরী। তবে এ ছবিটি এখনো মুক্তি পায়নি।দেশে আসার কথা থাকলেও আর আসেননি তিনি। সিমলা এখন মুম্বইয়ের মহারাষ্ট্র স্টেটের মিরা রোডের বাসিন্দা।

সিমলা বলেন, দেশে আর যাওয়া হয়নি। মুম্বইয়েই আছি। এখানে অভিনয়ের উপর কিছু ক্লাস এখনো করছি। কোর্স করে হিন্দি ভাষাটা রপ্ত করার চেষ্টা করছি। এখনো পুরোপুরি পারি না। তবে মোটামুটি চালিয়ে নেয়া যাবে। আর নতুন খবর হচ্ছে বলিউডের তারকা নায়ক গোবিন্দর বিপরীতে নতুন একটি হিন্দি ছবির বিষয়ে আলাপ হয়েছে। মূলত তার প্রোডাকশন থেকেই ছবিটি নির্মাণ হবে। তার সঙ্গে আগে একবার কাজ করেছিলাম। বর্তমানে নতুন ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে। আশা করছি, খুব শিগগিরই এ ছবির নামসহ বাকি বিষয়গুলো জানাতে পারবো।

এর আগে সিমলা কলকাতার ‘সমাধি’ নামের একটি ছবিতে গোবিন্দের বিপরীতেই অভিনয় করেছিলেন। ছবিটি ইতিমধ্যে মুক্তিও পেয়েছে। দেশে কি এরমধ্যে ফিরবেন জানতে চাইলে সিমলা বলেন, এরমধ্যে আর আসা হবে না। মা কিছুদিন আমার সঙ্গে মুম্বইয়ে ছিলেন। এখন তিনি বাংলাদেশেই আছেন। দেখি, নতুন এ ছবির কাজ শুরু হলে তা শেষ করে হয়তো দেশে ফিরবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে