বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার মেয়ে অঙ্কিতা ভট্টাচার্য। সাতক্ষীরার মেয়ে বললেও ভুল হবে না।
হ্যাঁ ঠিকই শুনেছেন সাতক্ষীরার মেয়ে অঙ্কিতা! তার আদি বাড়ি বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া থানার মাদ্রা গ্রামে। সেকথা নিজেই বলেছেন চ্যাম্পিয়ন কন্যা।
তিনি বলেন, গ্র্যান্ড ফিনালের শুটিংয়ের পর ফরিদপুরে স্টেজ শো করতে গিয়েছিলাম। অনেক ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে এসেছি। বাংলাদেশে বারবার যেতে চাই, ভালোবাসায় ফিরতে চাই।
আদি বাড়ি সাতক্ষীরায় ছিল দাবি করে অঙ্কিতা বলেন, আমার আদি বাড়ি কিন্তু বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া থানার মাদ্রা গ্রামে। বাবার কাছে শুনেছি, তার জন্মের আগে সবাই ভারতে চলে আসে।
মা–বাবা আর ছোট ভাই নিয়ে অঙ্কিতার পরিবার। গোবরডাঙা ইছাপুর হাইস্কুল থেকে আগামী বছর এইচএসসি পরীক্ষা দেবেন তিনি। সামনে টেস্ট পরীক্ষা তাই পড়াশোনা নিয়ে একটু ভয়ে আছেন বলেও জানান অঙ্কিতা।