বিনোদন ডেস্ক : বলিউড মহলে ভাই-বোন জুটির মিষ্টি সম্পর্কের রসায়ন প্রায় সবারই জানা। বলিউডের বিভিন্ন হেভিওয়েট পার্টিতেও বোনকে সঙ্গে করে নিয়ে যেতে দেখা যায় ভাইকে। কথা হচ্ছিল অভিনেতা অর্জুন কাপূর এবং তার বোন অংশুলা কাপূরকে নিয়ে।
সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিকে দাদা অর্জুন কাপূর এবং তার বান্ধবী মালাইকা অরোরা কে নিয়ে মুখ খুললেন অংশুলা। তিনি জানান, অর্জুন তার থেকে ছয় বছরের বড়। তাই দাদার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করতে তিনি খুবই অস্বস্তি বোধ করেন। তাই দাদার ব্যক্তিগত জীবন নিয়ে তাকে বিরক্ত করতে চান না তিনি।
অংশুলা আরও যোগ করেন অর্জুনই তার অভিভাবক। অবশ্য মাঝে মাঝে তিনিও যে মায়েরই মতো অর্জুনকে বকা-ঝকা করেন তাও জানাতে ভোলেননি তিনি। সৎ বোন জাহ্নবী এবং খুশি কপূর সম্পর্কে অংশুলাকে প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের প্রত্যকের মধ্যেই সম্পর্ক খুবই ভাল। কাজের সূত্রে কেউ ব্যস্ত থাকলে রোজ দেখা না হলেও মেসেজে নিয়মিত যোগাযোগ রাখেন তারা।
কিছুদিন আগেই ইনস্টাগ্রামে অর্জুনের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন মালাইকা। অর্জুনের জন্মদিনের দিন তার সঙ্গে নিজের একটি রোম্যান্টিক ছবি শেয়ার করে মালাইকা লেখেন, ‘শুভ জন্মদিন। আমার পাগলাটে, মজার অর্জুন। সব সময়ের জন্য ভালবাসা আর আনন্দ।’