বিনোদন ডেস্ক : বলিউডে একের পর এক হিট গান গেয়ে নিজেকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিলেন আতিফ আসলাম৷ এদেশের গানের ভক্তরা আতিফ বলতেই একেবারে পাগল৷ তবে সেই আতিফই এবার পড়লেন বিতর্কের মুখে৷
ফেসবুকে নিজের হজ যাত্রা নিয়ে এবং কাশ্মীর নিয়ে উদ্বেগ দেখিয়ে একটি লেখা পোস্ট করার কারণেই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়লেন আতিফ আসলাম৷
কাশ্মীরে ৩৭০ ধারা রদ হয়েছে৷ আর তা নিয়ে নানা মহলের মানুষ, নানাভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে৷ কেউ সরকারের এই নীতি নিয়ে খুশি, কেউ আবার সমালোচনা করছেন সরকারের এই পদক্ষেপে৷ তবে কাশ্মীরে ৩৭০ রদ হওয়া নিয়ে খুব একটা যে খুশি নন গায়ক আতিফ, তা তিনি লিখলেন সোশ্যাল মিডিয়াতেই৷
ফেসবুকে আতিফ লিখলেন, ‘আপনাদের সবার সঙ্গে একটা খবর শেয়ার করতে পেরে দারুণ আনন্দ হচ্ছে৷ আমি আমার স্বপ্নপূরণ করতে যাচ্ছি৷ হজ যাত্রায় যাচ্ছি৷ হজে যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চাইছি৷ আমার এই হজ যাত্রা কোনওরকম ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে না৷’
এখানেই শেষ করেননি তিনি, বরং কাশ্মির প্রসঙ্গও টেনে এনেছেন আতিফ আসলাম। তিনি লেখেন, ‘কাশ্মীরে যা ঘটছে সেই ঘটনার তীব্র নিন্দা করছি৷ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি কাশ্মীরের মানুষদের জীবনকে রক্ষা করুন!’