বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯, ০৫:২২:২৩

অশান্ত কাশ্মীর নিয়ে বলিউডে সিনেমা বানানোর হিড়িক

অশান্ত কাশ্মীর নিয়ে বলিউডে সিনেমা বানানোর হিড়িক

বিনোদন ডেস্ক : বলিউডে গেল কয়েক বছরে ইস্যুভিত্তিক শিল্প চর্চা দেখা গেছে। বিভিন্ন বিষয় বা ঘটনা নিয়ে সিনেমা বানানোর হিড়িক পড়েছে। তারই ধারাবাহিকতায় কাশ্মীর ইস্যু নিয়ে মেতে উঠেছে বলিউড। জানা গেছে, কাশ্মীর ইস্যুতে তোলপাড় চলছে দুনিয়াজুড়ে। থমথমে হয়ে আছে অঞ্চলটির জনজীবন। সেখানে মানবিকতা বিপর্যয়ের মধ্যে রয়েছে বলে মত দিচ্ছে বিশ্বের নামিদামি মানবাধিকার সংস্থাগুলো।

এমনি সময়ে কার আগে কে কাশ্মীর নিয়ে সিনেমা বানাবেন সেই প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন বলিউড নির্মাতা। চলছে সিনেমার নাম নিয়ে কাড়াকাড়ি-তামাশাও। ‘কাশ্মীর হামারা হ্যায়’, ‘আর্টিকল ৩৭০’, ‘আর্টিকল ৩৫এ’, ‘ধারা ৩৭০’, এমন ছবির নাম নিয়ে নির্মাতাদের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে।

একটি সংবাদপত্রের খবর অনুযায়ী প্রায় ৫০টি ছবির নাম রেজিস্ট্রেশনের জন্য জমা পড়েছে। আর এসব নিয়ে এখন হিমশিম খাচ্ছে প্রোডিউসরস গিল্ড অফ ইন্ডিয়া, IMPPA (Indian Motion Pictures Producers Association) ও IFTPC (Indian Film TV Producers Council)-র মতো সংস্থাগুলি।

এমনকী বালাকোট নিয়ে ছবি তৈরির কথা ঘোষণাও করে দেন অভিষেক কাপুর, সঞ্জয় লীলা বনশালি, ভূষণ কুমার ও প্রযোজক মহাবীর জৈন। এও জানানো হয়, এই ছবির লাভের একটা বড় অংশ তুলে দেওয়া হবে ভারতীয় সেনার তহবিলে।

বালাকোটের রেশ কাটতে না কাটতই আবার IMPPA, IFTPC ও প্রোডিউসরস গিল্ড অফ ইন্ডিয়ার মতো সংস্থাগুলির দরজার বাইরে লম্বা লাইন। কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের পর পরিচালকরা ‘কাশ্মীর হামারা হ্যায়’, ‘আর্টিকল ৩৭০’, ‘আর্টিকল ৩৫এ’, ‘ধারা ৩৭০’ নামে ছবি তৈরি করতে চাইছেন।

সোমবারে অমিত শাহের ঘোষণার পর থেকেই নামকরণ নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতা। সূত্রের খবর, অনুভব সিনহা পরিচালিত ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘আর্টিকল ১৫’ ছবিটির সাফল্যের পর ‘আর্টিকল ৩৭০’ ও ‘আর্টিকল ৩৫এ’ পরিচালকদের প্রথম পছন্দ। কোনো কোনো বড় প্রোডাকশন হাউস তো নামকরণ নিয়ে রেজিস্ট্রেশনের দাবিও তুলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে