বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯, ০৭:৪৬:৩৮

সাজানো বাগান নষ্ট করার জন্য এক উল্লুকই যথেষ্ট : কাশ্মির নিয়ে মোদিকে বিঁধলেন বলিউড তারকারা

সাজানো বাগান নষ্ট করার জন্য এক উল্লুকই যথেষ্ট : কাশ্মির নিয়ে মোদিকে বিঁধলেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক : কাশ্মির নিয়ে মোদি সরকারের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক’ উল্লেখ করে আবারও তীব্র কটাক্ষ করেছেন বরেণ্য অভিনেত্রী অপর্ণা সেন। এর আগে তিনি মোদি নেতৃত্বাধীন বিজেপির সরকারের সময়ে সাম্প্রদায়িক ও বর্ণবাদী কর্মকাণ্ডে অন্য বিশিষ্টজনদের মতো তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে কাশ্মীর ইস্যুতে অপর্ণা সেনের সঙ্গে সুর মিলিয়ে নরেন্দ্র মোদির সরকারকে ভর্ৎসনা করেছেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপও।

বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় এই বাঙালি অভিনেত্রী লেখেন, ‘কাশ্মীরি পণ্ডিতদের ওপর ১৯৮৯-৯০ সালে অনেক অত্যাচার হয়েছে। তারা যে বাড়ি ফিরতে পারছেন, সেটা ভেবে ভালো লাগছে। আশা করবো, তারা বাড়ি ফিরলেও প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা আর ফিরবে না। শান্তি বিরাজ করবে কি-না তা সময়ই বলবে।’

তবে যে কায়দায় কাশ্মীরকে বিভাজিত করা হলো সেটি ঠিক হলো কি-না, সে প্রশ্ন তুলে অপর্ণা লেখেন, ‘এই অগণতান্ত্রিক বিভাজনের পর কাশ্মীর কি আদৌ কাশ্মীর থাকবে?’

এদিকে একটি কবিতা উদ্ধৃত করে অপর্ণা সেনের চেয়ে আরও কড়া কটাক্ষ করেছেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। সেই কবিতাটি এমন, ‘একটি সাজানো বাগান নষ্ট করার জন্য এক উল্লুকই যথেষ্ট, এখানে তো গাছে গাছে উল্লুক, বাগান বাঁচাবে কী করে?’

বিজেপির সমালোচক বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে দেখা গেছে অনুরাগ কাশ্যপের পোস্টটি রিট্যুইট করতে। পাশাপাশি কাশ্মীরে বিপদের মধ্যে পড়া মানুষজনকে সাহায্য করতে চেয়ে দেওয়া বিভিন্ন পোস্টও তাকে রিট্যুইট করতে দেখা গেছে।

গত সোমবার কাশ্মীরের বিশেষ মর্যাদায় সংবিধানে রাখা ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে দেয় ভারতের মোদি সরকার। এই ঘটনার আগে অঞ্চলটিজুড়ে সামরিক ও আধা সামরিক বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। 

বন্দী করা হয় সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আব্দুল্লাহসহ মূলধারা রাজনৈতিক দলগুলোর অনেক নেতাকে। ইন্টারনেট, ক্যাবল নেটওয়ার্কসহ যাবতীয় সব যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সেখানে। কারফিউ জারি করে রাস্তায় রাস্তায় সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে