বিনোদন ডেস্ক : এবারও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ছবি পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবির নাম ‘এক যে ছিল রাজা’।
এর আগে ২০১৭ সালে সেরা আঞ্চলিক ভাষার সিনেমা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে জয়া অভিনীত কৌশিক গাঙ্গুলির আলোচিত ছবি ‘বিসর্জন’। এবার পেল সৃজিত মুখার্জী পরিচালিত ‘এক যে ছিল রাজা’।
শুক্রবার প্রকাশ হয়েছে ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা। এতে ভারতের সেরা ছবি হিসেবে পুরস্কার অর্জন করেছে বহুল আলোচিত ছবি ‘আন্ধাধুন’। আর সেরা আঞ্চলিক ছবি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জয়া আহসান অভিনীত ব্যাপক প্রশংসিত ছবি ‘এক যে ছিল রাজা’।
এবার এ ছবিটি পুরস্কার পাওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘এক যে ছিল রাজা’র কয়েকটি ছবি পোস্ট করে সেখানে লেখেন, দুটি কারণে এটি আমার কাছে এক বিরাট আনন্দের খবর হয়ে এসেছে।
২০১৭ সালে এ পুরস্কার পেয়েছিল ‘বিসর্জন’। আমি সে ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলাম। এ বছরের পুরস্কৃত ছবি ‘এক যে ছিল রাজা’-তেও আমি অভিনয় করেছি। দ্বিতীয় আনন্দের বিষয় হলো, এ ছবির প্রেক্ষাপট বাংলাদেশের গাজীপুরের ভাওয়াল অঞ্চল।
গবেষক দলের অংশ হিসেবে ছবিটিতে ভাওয়ালের স্থানীয় বাংলা উচ্চারণের ভঙ্গিমা নিয়ে আসার কাজটিতে আমি যুক্ত ছিলাম। কাকতালীয়ভাবে দুটি ছবির প্রেক্ষাপটই যে বাংলাদেশ, এটি আমার আনন্দের মাত্রা পূর্ণতর করেছে। ‘এক যে ছিল রাজা’ ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ এবং ছবির পুরো টিমকে আন্তরিক অভিনন্দন।
ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এক যে ছিল রাজা’ নির্মাণ করেছেন সৃজিত মুখার্জী। এই ছবির মূল চরিত্র রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। ভাওয়াল রাজার বোনের চরিত্রে আছেন জয়া আহসান। এদিকে এবার ভারতের সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বলিউডের দুই তরুণ তারকা আয়ুষ্মান খুরানা ও ভিকি কৌশল।
‘আন্ধাধুন’ সিনেমার জন্য আয়ুষ্মান খুরানা এবং ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার জন্য ভিকি কৌশল সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। মোট চারটি বিভাগে সেরার শিরোপা পেয়েছে দেশাত্মবোধক ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। এ ছাড়া ‘মেহেনতি’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কীর্তি সুরেশ।
গুজরাটের সিনেমা ‘হিলারো’ পেয়েছে সেরা সিনেমার পুরস্কার। সেরা পরিচালক হয়েছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিচালক আদিত্য ধর। সর্বাধিক জনপ্রিয় বিনোদনমূলক ছবি বিভাগে সেরার পুরস্কার ‘বাধাই হো’র। সামাজিক বার্তামূলক ছবির পুরস্কার অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’র।