বিনোদন ডেস্ক : কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে যে বদল আসতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভাইসরি কমিটির সদস্য ও এগজিকিউটিভ কমিটির সদস্যদের নাম জানানো হয়েছে।
সেই সঙ্গে জানা গেল কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে ওপার বাংলার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জীকে। তাঁর পরিবর্তে চেয়ারম্যান হলেন পরিচালক রাজ চক্রবর্তী।
তবে ২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের অ্যাডভাইসরি কমিটির সদস্য তালিকায় রয়েছে প্রসেনজিৎ। প্রসেনজিৎ বলেন, ছোটরা দায়িত্ব নেবে এটাই তো কাম্য। তবে নভেম্বর পর্যন্ত বেজায় ব্যস্ত ইন্ডাস্ট্রি। আর সেই কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আগেই দায়িত্ব থেকে সরতে চেয়েছিলেন তিনি।
এদিন পরবর্তী চেয়ারম্যান রাজ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “রাজ বাড়িতে এসেছিল। ওকে সমস্ত রকম সাহায্য করব। ও ছোট ভাই, সবসময় ওর পাশে আছি। তাছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রয়োজনে আমি রয়েছি।”
এদিকে প্রসেনজিৎ চ্যাটার্জী ছাড়া অ্যাডভাইসরি কমিটির সদস্য মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, সন্দীপ রায়, অপর্ণা সেন, রঞ্জিত মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও অরিন্দম শীল।