বিনোদন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পর এ বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদি কতটা অ্যাডভেঞ্চারে দক্ষ, তা জানাতে গিয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর সঞ্চালক বেয়ার গ্রিলস৷
আগামী ১২ অগাস্ট রাত ৯টায় ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর বিশেষ এপিসোডে দেখা যাবে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়েছেন মোদি৷ ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শোয়ের এই সঞ্চালক বললেন, 'চরম বিপদের সময়েও শান্ত থাকেন প্রধানমন্ত্রী মোদি৷'
শ্যুটিংয়ের ফাঁকেই গ্রিলের সঙ্গে বেশ দোস্তি হয়ে যায় মোদির৷ বেয়ারের কথায়, 'আপনারা প্রায়ই প্রধানমন্ত্রী মোদিকে বক্তার ভূমিকায় মঞ্চে দেখেন৷ প্রকৃতি কিন্তু সবারই কঠিন পরীক্ষা নেয়৷ আপনি কত বড় নেতা, তাতে প্রকৃতির কিছু যায় আসে না৷ প্রকৃতির পরীক্ষায় পাস করলেই বোঝা যাবে আপনি কত সাহসী৷ সেই পরীক্ষায় সসম্মানে পাস করেছেন মোদি৷ 'চরম বিপদের সময়েও শান্ত থাকেন তিনি৷'
বেয়ার বলছেন, 'আমি শুটিংয়ের শুরুতে তাকে বলেছিলাম, আপনাকে নিয়ে কাজ করছি বলে আপনাকে সব বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য। বন্য পশুর আক্রমণই হোক বা বিপদসংকুল পথঘাট, নদী-পাহাড়। আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। উনি আমার কথায় খুব ভরসা পেলেন। গোটা সময়টা উনি আমার কথা শুনেই কাজ করেছেন। দেহরক্ষীদেরও গুরুত্ব দেননি।'