রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ০৯:২০:২৫

হিংসার রাজত্ব শুরু হয়েছে, ঠগবাজরাই রাজত্ব করবে : বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ

হিংসার রাজত্ব শুরু হয়েছে, ঠগবাজরাই রাজত্ব করবে : বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ

বিনোদন ডেস্ক : টুইটার বিশ্ব থেকে চিরবিদায় নিলেন বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। কেন স্বেচ্ছায় নির্বাসন নিলেন অনুরাগ? সেই দীর্ঘ বক্তব্য অবশ্য তার শেষ ২টি টুইটে লিখে গিয়েছেন তিনি। সরকারের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ।

বর্তমান পরিস্থিতি নিয়ে ফের কি অসহিষ্ণুতা ইস্যুকে উসকে দিয়ে অনুরাগ বলেন, হিংসার রাজত্ব শুরু হয়েছে। ঠগবাজরাই রাজত্ব করবে এবং ঠগরাজই নতুন জীবনের দিশা হয়ে উঠেছে। নতুন ভারতে সকলকে শুভেচ্ছা।

পরিচালকের মন্তব্য স্পষ্ট। সাফ কথা বলার দায়ে একাধিকবার তার পরিবারকে হুমকির মুখে পড়তে হয়েছে। আর হচ্ছেও। কখনও অনলাইনে মেসেজ করে মেয়েদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তো কখনও আবার ফোন করে। তাই যেখানে স্পষ্টভাবে মুখ খোলার অধিকার নেই, সেখান থেকে বিদায় নেওয়াই শ্রেয়, এমনটাই মত পরিচালকের। 

অনুরাগ লিখেছেন, “যখন আপনি দেখছেন, সরকার বিরোধী কথা বললেই আপনার বাবা-মাকে লাগাতার ফোনে শাসানো হচ্ছে, আপনার সন্তানকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কথা বলুন এটা কেউ চাইছে না। হিংসার রাজত্ব শুরু হয়েছে। ঠগবাজরাই রাজত্ব করবে এবং ঠগরাজই নতুন জীবনের দিশা হয়ে উঠেছে। নতুন ভারতে সকলকে শুভেচ্ছা। আশা করছি আপনারা আরও সমৃদ্ধ হবেন।”

এরপরই অনুরাগ তার বিদায়ী টুইটে বলেন, প্রত্যেককে শুভকামনা জানাই। এটাই আমার শেষ টুইট। কারণ টুইটার থেকে বিদায় নিচ্ছি আমি। নির্ভয়ে মনের কথা বলার যদি কোনও অধিকারই না থাকে, তাহলে কথা না বলাই শ্রেয়, বিদায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে