মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯, ০৫:০৮:০০

সালমান-বানসালির মতবিরোধে আলিয়ার স্বপ্ন ভঙ্গ

সালমান-বানসালির মতবিরোধে আলিয়ার স্বপ্ন ভঙ্গ

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর সঞ্জয় লীলা বানসালির সিনেমায় অভিনয় করবেন সালমান খান। সিনেমাটিতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। কিছুদিন আগে নির্মাতাদের এমন ঘোষণায় দর্শকরা বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি নির্মিত হচ্ছে না। 

সালমান ও বানসালির মধ্যে সিনেমাটির সৃজনশীল কিছু বিষয় নিয়ে মতবিরোধ হওয়ায় এতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান। এদিকে মুম্বাই মিররে সালমান বলেন, 'খামোশি সিনেমাতে অভিনয়ের আগে থেকেই বানসালির সঙ্গে আমার বন্ধুত্ব। মনীষা কৈরালার মাধ্যমে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এরপর আমরা হাম দিল দে চুকে সানাম সিনেমায় একসঙ্গে কাজ করি।'

ভাইজান বলেন, 'সে যখন এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসে আমার এটি পছন্দ হয় এবং আবারো একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিই। একটি কথা বলতে চাই, সঞ্জয় লীলা বানসালি কখনো তার সিনেমা নিয়ে প্রতারণা করেন না। আমি চেয়েছি, সে যে সিনেমাটি তৈরি করতে চায়, তা তৈরি করুক। আমি মনে করি, আমাদের বন্ধুত্বের মাঝে কোনো পরিবর্তন হবে না। তার মা ও বোনের সঙ্গেও আমার সম্পর্ক খুবই ভালো। তার জন্য শুভকামনা। ভবিষ্যতে আমরা আবারো কাজ করব।’

অন্যদিকে একটি সূত্র মিড-ডেতে বলেন, ‘সালমান সিনেমায় কিছু পরিবর্তন করতে চেয়েছিলেন। প্রথম ঘণ্টার চিত্রনাট্য নিয়ে তার কোনো আপত্তি ছিল না, কিন্তু পরের অংশে কিছুটা পরিবর্তনের জন্য বানসালিকে অনুরোধ করেছিলেন, বিশেষ করে ক্লাইমেক্সে। প্রথম দিনের শুটিংয়ের প্রস্তুতি সম্পূর্ণ হলেও দুজন গল্প নিয়ে একমত হতে পারেননি। বানসালি চেয়েছিলেন এটি সম্পূর্ণ লাভ স্টোরি হোক। বানসালি তার অভিনয়শিল্পীদের সম্মান করেন এবং পরামর্শ নিতে পছন্দ করেন কিন্তু গল্পে কোনো পরিবর্তন নয়।’

এর আগে সিনেমাটিতে অভিনয়ের ঘোষণা দিয়ে আলিয়া ভাট মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছিলেন, ‘এ যেন জেগে জেগে স্বপ্ন দেখার মতো, তারা আমাকে প্রস্তাব দিল আর আমি রাজি হয়ে গেলাম। সঞ্জয় স্যার ও সালমান খান ম্যাজিক্যাল জুটি এবং আমি তাদের সঙ্গে ইনশাআল্লাহ সিনেমার পথচলায় যোগ দিচ্ছি।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘আমার মনে আছে আমি লাফালাফি করেছিলাম। মুম্বাইয়ে ছিলাম না। দেশের বাইরে ছিলাম এবং কিছু একটা করছিলাম, তখনই কলটি পাই। সত্যি বলতে কল পাওয়ার পর আমি এক কোণায় গিয়ে খুশিতে পাঁচ মিনিট লাফালাফি করেছিলাম কারণ আমি খুব উচ্ছ্বসিত ছিলাম।’ কিন্তু শেষ পর্যন্ত সালমান ও বানসালির মতবিরোধে আলিয়ার স্বপ্ন ভেস্তে গেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে