বিনোদন ডেস্ক: ঢাকায় এসে নিজের জন্মদিন পালন করলেন ফেলুদা ওরফে সব্যসাচী। ভাবছেন হয়তো নতুন কোনো রহস্য সমাধান করতে এসে জন্মদিন যেহেতু এসেই গেছে তাই পালন করলেন আর কি। কিন্তু ঘটনা তা নয়, জন্মদিন আসতে এখনো বেশ ক'দিন বাকি। তাহলে? এটাও আবার রহস্য নয় তো। পাঠক হয়তো তাই ভাবছেন। কিন্তু ঘটনা পানির মতো পরিস্কার। তার আগে ঘটনা খুলে বলতে হবে- শুনুন তবে...
১৯৫৬ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এই সব্যসাচী চক্রবর্তী। যিনি সত্যজিৎ রায়ের অন্যতম গোয়েন্দা চরিত্র ফেলুদা'তে অভিনয় করে নিজেকে একদম ফেলুদা বানিয়ে ফেলেছেন। তার আসল নামটা মানুষ ভুলেই যায়। গতকাল (১ সেপ্টেম্বর) ঢাকায় এসেছেন সব্যসাচী চক্রবর্তী। আজ সোমবার থেকে ফাখরুল আরেফিন খানের ‘গণ্ডি’ সিনেমায় অভিনয় করবেন তিনি। ছবিটির শেষ অংশের শুটিং চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগেই রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে‘গন্ডি সন্ধ্যা’ শিরোনামে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। কেননা এই গণ্ডি সিনেমাতে তিনি অভিনয় করছেন। বাংলাদেশি নির্মাতা ফাখরুল আরেফীনের এই ছবির পরবর্তী লটের শুটিং উপলক্ষেই ওই অনুষ্ঠান। কিন্তু গণ্ডি টিমের পক্ষ থেকে একটু আগেভাগেই জন্মদিনটা পালন করার উদ্যোগ নেওয়া হলো।
নির্মাতা ফাকরুল আরেফীন বলেন, আমরা এখন কেক কাটবো। আমাদের প্রিয় একজন মানুষের জন্মদিন। তবে জন্মদিনটা একটু পরে হলেও আমরা আজ সবাই মিলে সেলিব্রেট করবো। আমাদের সকলের প্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্মদিন এ মাসের ৮ তারিখে। তবে সেটা আমরা সকলে মিলে যদি আজ পালন করি খুব আনন্দ হয়।
জন্মদিনের কেক কাটলেন সব্যসাচী। কেক কেটে চাকু রাখলেন। এরপঅর গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা চাকু থেকে কেক নিয়ে খাইয়ে দিলেন কলকাতার এই গুণী অভিনেতাকে। চাকুর ওপরে লেগে থাকা কেক একটু কম হওয়ায় ফের সুবর্ণা দ্বিতীয়বার মুখে তুলে দিলেন। এসময় উপস্থিত ছিলেন মাজনুন মিজান, অপর্ণা খান, নির্মাতা ফাখরুল আরেফীন, তারিক আনাম খান, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ ছবিটির কলাকুশলী ও স্পন্সররা।