বিনোদন ডেস্ক : অক্ষয় কুমার তার প্রিয় অভিনেতা এবং তারকা। একবার তাকে সামনা-সামনি দেখার ইচ্ছে ছিল প্রবল। কিন্তু গুজরাতের দ্বারকা থেকে মুম্বাইয়ের দূরত্ব অনেক। সেই ৯০০ কিমি হাসিমুখে অতিক্রম করলেন পর্বত।
দেখা পেলেন প্রিয় তারকার সঙ্গে এবং এই অসাধারণ ঘটনাটির কথা টুইটার মারফত সারা পৃথিবীকে জানালেন তারকা নিজেই। দ্বারকা থেকে মুম্বাই পৌঁছতে ১৮ দিন লেগেছে পর্বতের। অক্ষয় কুমার রবিবার দিন শ্যুটিং করেন না।
তাই সেদিন তারকার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা বেশি। সে সব কথা ভেবে আগে থেকেই যাত্রার দিনক্ষণ ঠিক করেছিলেন পর্বত। গুণমুগ্ধের মনের জোর ও দৃঢ়প্রতিজ্ঞা দেখে অত্যন্ত আপ্লুত অক্ষয় কুমার। তিনি টুইটারে পর্বতের সঙ্গে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন।
দেশের যুবসমাজ যদি এতটা জেদ ও অধ্যবসায় নিয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তবে তাদের কেউ আটকাতে পারবে না, টুইটার-বার্তায় এমনটাই লিখেছেন অক্ষয় কুমার। টুইটারে পর্বতের যে ভিডিওটি শেয়ার করেছেন অক্ষয় কুমার, সেখানে পর্বত বলেছেন যে ৯০০ কিলোমিটার হেঁটে তারকার সঙ্গে দেখা করতে আসার কারণ তিনি দেখাতে চেয়েছিলেন যে তার আইডলের মতো তিনিও অত্যন্ত ফিট।
ওই ভিডিওতে এও বলেছেন পর্বত যে বিগত ১৮ দিনে অনেক সময় তিনি রাতেও হেঁটেছেন। কারণ তিনি কোনওভাবেই চাননি রাস্তায় কোনও রকম দেরি হোক এবং রবিবার তারকার সঙ্গে দেখাটা মিস হয়ে যাক। পর্বতকে সাধুবাদ জানানোর পাশাপাশি অবশ্য অক্ষয় কুমার তাকে অন্য উপদেশও দিয়েছেন। এই ধরনের কাজ যে কতটা বি'প'জ্জনক সেটা বুঝিয়ে তারকা তার ফ্যানকে বলেন, ভবিষ্যতে এমন কিছু আর কখনও না করতে।
অক্ষয় টুইটারে লেখেন, “আপনাদের সঙ্গে দেখা হওয়া সব সময়েই একটা দারুণ অভিজ্ঞতা এবং আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু সকলের কাছে আমার অনুরোধ, এমন কিছু প্লিজ করবেন না। আপনার নিজের জীবনকে উন্নততর করে তুলতে সময়, শক্তি এবং নিজেদের সম্পদ ব্যয় করুন। তেমনটা করলেই আমি সবচেয়ে বেশি খুশি হব। পর্বতের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা।” সুত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস