বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০৯:৩৬

সালমান শাহ ছিলেন নায়কদেরও নায়ক

সালমান শাহ ছিলেন নায়কদেরও নায়ক

বিনোদন ডেস্ক : তার সময়ের প্রায় সব শ্রেণির দর্শকের ভালোবাসা পেয়েছিলেন সালমান শাহ। শুধু দর্শকই নয়, তার পরবর্তী সময়ের প্রায় সব নায়কের প্রেরণা প্রয়াত এই অভিনেতা। আগামীকাল ৬ সেপ্টেম্বর সালমান শাহর ২৩তম মৃত্যুবার্ষিকী। তিনি যে নায়কদের নায়ক ছিলেন তা বললেন বর্তমান সময়ের নায়করা।

অভিনেতা সিয়াম আহমেদ বলেন, নায়ক তো বটেই, যদি অভিনেতার কথাও বলি, সালমান শাহ সেরাদের একজন। তিনি অভিনয় না করলে, তার অভিনয় না দেখলে আমার মধ্যে হয়তো কখনোই সিনেমায় অভিনয়ের ইচ্ছা জাগত না। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমার ঘরে একজন তারকারই পোস্টার লাগানো ছিল, তিনি সালমান শাহ।

আরিফিন শুভ বলেন, আমি আজ যে অবস্থানে এসেছি বা যতটুকু অর্জন, সেটা পরিকল্পনা করে হয়নি। পথ চলতে চলতেই এত দূর চলে আসা। তবে আমার ব্যক্তিজীবনে সালমান শাহর একটা প্রভাব আছে। টম হ্যাংকস, আমির খান, কমল হাসান, জাফর ইকবালের প্রতি আমার যে মুগ্ধতা, তেমনই মুগ্ধতা সালমান শাহকে ঘিরে। তার কাজগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করাটাই এখন গুরুত্বপূর্ণ।

জিয়াউল রোশান বলেন, আমার সিনেমা দেখা, সিনেমাকে ভালোবাসার অন্যতম অনুপ্রেরণা সালমান শাহ। ক্যারিয়ার লম্বা হলে তিনি নিশ্চিত আন্তর্জাতিক তারকা হয়ে উঠতেন। তার মৃত্যু এখনো রহস্যাবৃত। মাঝেমধ্যে আলোচনা হয়, তারপর আবার ধামাচাপা পড়ে যায়। দেশে তার কোটি ভক্ত। তাদের মতো আমিও চাই প্রকৃত আসামিদের শাস্তি হোক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে