বিনোদন ডেস্ক : ক্যাসিনো-কাণ্ডে ধাক্কা এসে লেগেছে সিনেমা পাড়ায়ও। বাতাসে বেড়াচ্ছে বেশকিছু চলচ্চিত্র অভিনেত্রীর নাম। যারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্নী'তিবাজ নেতার জন্য নানা রকম অবৈধ কাজ করেছেন।
বিশেষ করে সম্প্রতি জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের মালিক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটকের পর থেকেই নায়িকাদের নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। ক্যাসিনো-কাণ্ডে নাম জড়ানোয় মুখ খুললেন মডেল ও অভিনেত্রী রাহা তানহা খান।
রাহা তানহার মতে, নিজেদের দোষ ঢাকার জন্য অনেকেই নায়িকাদের নাম ব্যবহার করেন। তার ভাষ্য, কেউ কোথাও ধরা পড়লে সেখানে নায়িকার নাম জুড়িয়ে দেন। এটা এর আগেও হয়েছে। এটা একদম ঠিক না।
রাহা বলেন, ধরুন আমি একজনকে চিনি, পরে যদি সে অপরাধ করে পুলিশের হাতে ধরা পরে এবং আমার নাম বলে তাহলে আমি কি অপরাধী হয়ে গেলাম? নায়িকা হওয়ায় অনেক মানুষের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। সেলফি তুলতে পারি। তাই বলে সেই লোকের অপরাধের দায় আমার না।
এসময় তিনি জি কে শামীমকে চেনেন না বলে জানান। রাহা বলেন, জি কে শামীম নামে আমি কখনো কাউকে চিনতাম না। নামই শুনিনি কোনোদিন। যদি চিনতাম তাহলে বলতে পারতাম। এখন যদি কেউ আমার নাম জড়িয়ে দেয় তাহলে আমার কিইবা করার থাকে!