রবিবার, ০৬ অক্টোবর, ২০১৯, ০৯:০৭:০১

এবারের ইত্যাদিতে রাষ্ট্রপতি, প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর

এবারের ইত্যাদিতে রাষ্ট্রপতি, প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর

বিনোদন ডেস্ক : ৪ অক্টোবর রাতে প্রচার হয় কিশোরগঞ্জের মিঠামইনের হামিদ পল্লীতে ধারণ করা ‘ইত্যাদি’। প্রশংসিত পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর আবার প্রচার করা হবে। এতে রয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদের বিশেষ সাক্ষাৎকার। 

বাংলাদেশের কোনো টেলিভিশন অনুষ্ঠানে এটিই রাষ্ট্রপতির প্রথম সাক্ষাৎকার। মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে আবদুল হামিদের জন্ম। সেখানে কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। সাক্ষাৎকারে উঠে এসেছে এলাকার মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও মানুষের সঙ্গে সম্পর্কের কথা। তখনকার আর এখনকার হাওর সম্পর্কে নিজের উপলব্ধি, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের প্রতি মানুষের বিশ্বাস নিয়ে বলেছেন তিনি। 

রসিকতা করে নিজেকে নিয়ে বললেন, ‘লোকে আমাকে বলে স্যান্ডেল পরা রাষ্ট্রপতি।’ জানিয়েছেন ‘ইত্যাদি’কে ভালোবাসার কথাও। তিন দশক পেরিয়ে অনুষ্ঠানটি এখন চার দশকের গোড়ায়, অনুষ্ঠানের সব শিল্পী-কলাকুশলী ও হানিফ সংকেতকে আন্তরিক অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি নিজেও নিয়মিত অনুষ্ঠানটি দেখেন। সময়ের অভাবে যদি প্রথমবার দেখতে না পারেন, তাহলে পুনঃপ্রচারের সময় দেখে নেন। হানিফ সংকেতের উপস্থাপনার প্রশংসা করে তাঁকে বলেন, ‘আপনার মোহনীয় উপস্থাপনা, সুন্দর কথাবার্তায় সারা দেশের মানুষ আনন্দে আপ্লুত হয়, আমি নিজেও আপ্লুত হই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে