শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯, ০২:১০:৫৬

ডিপজল ভাইয়ের চোখ দেখলেই তো সবাই ভয় পেয়ে যায়: মৌসুমী

ডিপজল ভাইয়ের চোখ দেখলেই তো সবাই ভয় পেয়ে যায়: মৌসুমী

বিনোদন ডেস্ক : ক'দিন আগেই শোনা গেল মৌসুমীর বিপক্ষে বলছেন অভনেতা ডিপজল। আবার মৌসুমীও ডিপজলের বিপক্ষে কথা বলছেন। কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন দেখা গেল ভিন্ন চিত্র। আজ শুক্রবার সাড়ে ১২টার দিকে ভোটকেন্দ্রের নিকট পেতে রাখা আসনে বসে থাকা আফজাল শরীফের সাথে কথা বলতে আসেন মৌসুমী। আফজাল শরীফের সঙ্গে কথা বলার সময় পাশে বসে থাকা ডিপজল দু'-একটি কথার উত্তর দিচ্ছিলেন মজা করেই। মৌসুমীও কম যান না, তিনি বললেন ডিপজল ভাইয়ের চোখ দেখলেই তো সবাই ভয় পেয়ে যায়। বলেই হেসে ওঠেন প্রিয়দর্শিনী। এসময় হাসতে শুরু করেন ডিপজলও। 

বেশ কয়েক মিনিট মৌসুমী-ডিপজল কথা বলেন। এসময় বারবার মজার কথায় দুজনেই হেসে উঠছিলেন। অর্থাৎ বলা যায় বরফের যে দেয়াল তৈরি হয়েছিল এই দুজনের মধ্যে তা নির্বাচনের দিন গলে গেল। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় রাজধানীর বিএফডিসিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ইতোমধ্যে ভোট দিয়ে গেছেন অনেক তারকা শিল্পী। বৃষ্টিমুখর পরিবেশেও বেশ জমে উঠেছে এফডিসি। ভোটকেন্দ্রের সামনে দেখা গেল দুই বিদেশিকে। শুধু তাই নয়, তাদের শরীরে আবার অভিনেতা ডিপজলের ছবি সম্বলিত টি-শার্ট।

কাছে গিয়ে কথা বলতেই বোঝা গেল আসলে তারা কেউই কথা বলতে পারেন না। মূক ও বধির। এসেছেন নির্বাচন দেখতে। তাদের সাথে খাতা কলমে লিখে কথা বলতে হলো। জানা গেল, একজনের নাম চোনা, অপরজনের নাম পেচিনো। দুজনই চীনের নাগরিক। এফডিসিতে এসেছেন ভোট দেখতে। তাদের নিয়ে এসেছেন তিনজন বাংলাদেশি মূক ও বধির যুবক। 

সাথে থাকা এক যুবক জানান, চিত্রনায়ক রুবেলের মাধ্যমে একটি সংস্থার হয়ে তারা এসেছেন। বেশ ক'জন ডিপজল সমর্থক তাদের টি-শার্ট উপহার দেন। সেটা পরে বেশ আনন্দচিত্তে পরিধান করে ঘুরে বেড়াচ্ছেন।

শুক্রবার পৌনে ১১টার দিকে অপু বিশ্বাস ভোট দিয়ে বের হন। এরপরই বিভিন্ন গণমাধ্যমের সাথে বলেন। মান্না ডিজিটাল কালার ল্যাব থেকে ক্যান্টিন পর্যন্ত যেতে পারছিলেন না সেলফিবাজদের কারণে। এ সময় ওমর সানী ছুটে এসে অপু বিশ্বাসকে সেলফিবাজদের কবল থেকে উদ্ধার করে গাড়িতে পৌঁছে দেন।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো নারী প্রার্থী সভাপতি পদে লড়ছেন। তিনি জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমী। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে