বিনোদন ডেস্ক : নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটারদের উপস্থিতি ও বৃষ্টির কারণে সময় বৃদ্ধি করা হয়েছে সাড়ে ৫টা পর্যন্ত। জানা গেছে ভোট পড়েছে ৮৬ শতাংশ। শুরু হয়েছে গণনার কাজ।
এবারের নির্বাচনে পূর্ণ প্যানেল একটি। এটি দিয়েছেন সমিতির শেষ সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। তারা দুজনে এবারও একই পদে লড়াই করছেন। অন্যদিকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী সদস্য পদে কয়েকজন স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। এরমধ্যে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে আছেন মৌসুমী। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বিপরীতে আছেন ইলিয়াস কোবরা।
সহসভাপতির দুটি পদে আছেন ডিপজল, রুবেল ও নানা শাহ (স্বতন্ত্র)। সহসাধারণ সম্পাদক পদে আরমান ও সাংকোপাঞ্জা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খালেদ আহমেদ ও মামনুন ইমন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ছাড়াই বিজয়ী হিসেবে এসেছে সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে ফরহাদের নাম।
১১টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য লড়বেন ১৪ জন অভিনয়শিল্পী। তারা হলেন−অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব, রঞ্জিতা ও শামীম খান (চিকন আলী)।
প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা শহিদুল হারুন ও বিএইচ নিশান। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন আলম খান, সদস্য হিসেবে রয়েছেন সোহানুর রহমান সোহান ও রশিদুল আমিন হলি।
এবার চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার সংখ্যা ৪৪৯ জন।
একসঙ্গে দুই সভাপতি প্রার্থী: মিশা সওদাগর ও মৌসুমীভোটকে কেন্দ্র করে বিএফডিসিতে আজ (২৫ অক্টোবর) নিরাপত্তা দিচ্ছে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন জানান, ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন কর্তৃক গণনা ও ফলাফল প্রকাশ হবে রাতের মধ্যেই। নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে ২৭ অক্টোবরের মধ্যে যোগাযোগ করতে হবে। এর জন্য আপিল বোর্ডের কাছে ২০০০ টাকা জমা দিতে হবে। নির্বাচনী আপিল বোর্ডের আপত্তির শুনানি ও নিষ্পত্তির তারিখ ২৯ অক্টোবর।
নির্বাচনী চূড়ান্ত ফল ঘোষণার সাত দিনের মধ্যে বিদায়ী পরিষদ নবনির্বাচিত পরিষদকে দায়িত্ব অর্পণ করার বাধ্যবাধকতা রয়েছে।