বিনোদন ডেস্ক : শিল্পী সমিতির বর্তমান কমিটিতে থাকা অনেক শিল্পীই এবার নির্বাচনে অংশ নেননি। যাদের মধ্যে রয়েছে রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, পপি, নিপুণসহ আরো অনেক তারকা। নির্বাচনে না এলেও প্রচারণায় আছেন তারা।
শুক্রবার বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণের সময় প্রচারণায় দেখা গেছে রিয়াজ, ফেরদৌস ও পপিকে। শিল্পী সমিতির কার্যালয়ের প্রবেশ পথে তাদের তিনজনকে ভোট চাইতে দেখা গেছে।
এ বিষয়ে অভিনেত্রী পপি বলেন, আসলে শিল্পীদের জন্য কাজ করার জন্যই তো নির্বাচন। আমি চাই এমন মানুষ জয়ী হোক, যারা সত্যিকার অর্থে শিল্পীদের কল্যাণে কাজ করবে।
নিজে নির্বাচনে না আসা প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে যে কমিটি বিলুপ্তি হবে, আমি তার সদস্য হওয়া সত্ত্বেও নিজের মতো করে কাজ করতে পারিনি। উল্টো আমাদের সভাপতি ও সেক্রেটারির কাছ থেকে নানা মিথ্যা অভিযোগ শুনতে হয়েছে। একারণেই নির্বাচনে আসতে ইচ্ছে হয়নি।
রিয়াজ বলেন, বর্তমানে যারা শিল্পী সমিতিতে রয়েছেন। তারা ভালো কাজ করতে পারেনি। তাই আমি তাদের সাথে নেই। তাই এবার নির্বাচন থেকে দূরে আছি। আমি মনে করি এবার মৌসুমী সভাপতি নির্বাচিত হলে শিল্পীরা তাদের মনের মতো একজন অভিভাক পাবেন।
ফেরদৌস বলেন, ভালো, যোগ্য প্রার্থীকে যেনো সবাই ভোট দেন সেটাই সবাইকে বলছি। আমি চাইনা শিল্পীদের প্রতিনিধি হয়ে কেউ মন্দ কাজ করুক। যখন সমিতির মধ্যে দায়িত্বশীল কোনো নেতা কোনো কোনো সিনিয়র শিল্পীকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, তখন বিষয়টি ভালো লাগে না।