শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯, ০৯:০৫:০৫

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ভবিষ্যতবাণী করলেন শাকিব খান

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ভবিষ্যতবাণী করলেন শাকিব খান

বিনোদন ডেস্ক : বিকেল চারটা। শাকিব খান এফডিসির গেটে। উদ্দেশ্য তিনি শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছেন। শাকিব খান আসার সঙ্গে সঙ্গে পুরো এলাকা লোকে লোকারণ্য! তার গাড়ি এসে থামল মূল ফটকে। এফডিসির গেটে গাড়ির গ্লাস নামিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তাঁকে দেখে কুশল বিনিময় করে।

কিন্তু এরপর জনপ্রিয় এই নায়কের গাড়ি এগোয় ধীরে ধীরে! সরাসরি গিয়ে দাঁড়ায় এফডিসির কড়ইতলা। এর মধ্যেই পুরো এফডিসিতে খবর ছড়িয়ে পড়ে, শাকিব এসেছেন! তখনই ভক্তরা এসে আটকে দেন শাকিবকে। বাধ্য হয়ে হেঁটে ক্যানটিন পার হয়ে ভোটকেন্দ্রের দিকে যান শাকিব।

ততক্ষণে শাকিবের সামনে-পেছনে লোকে লোকারণ্য। শাকিব–শাকিব বলে স্লোগান উঠছিল। তাঁকে এগিয়ে নিতে ওমর সানী, মিশা সওদাগর হিমশিম খাচ্ছিলেন। তারপর ভোটকেন্দ্রের মুখেই দেখা হয় মৌসুমী ও ডিপজলের সঙ্গে। শাকিব খান বলেন, এই নির্বাচন যেন জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে।

তিনি একটু হতাশার সুরে বলেন, ‘নির্বাচনে উৎসব উৎসব ভাব হয়। কিন্তু গত দুবার, বিশেষ করে এবার প্রশাসনের এত চাপ, এত লোক দেখে আসলে মনে হচ্ছে না উৎসবের ভাব আছে। এটা যেন জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে। এরমধ্যে শুনলাম সোহেল রানা ভাই এবং বেশকিছু সিনিয়র শিল্পীর গাড়ি আটকানো হয়েছে। তাদের সাথে কে আসছে, না আসছে কোশ্চেন করা হচ্ছে। আরে ভাই এটা আমার ঘর। এখানে আমাকে আসতে এত বাধা দিতে হবে?’

নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে শাকিব আরও বলেন, ‘একটা কথা বলে রাখি, এই নির্বাচন কখনোই আমূল পরিবর্তন আনবে না। কিন্তু কেউ কেউ এই নির্বাচন করে কাজ করুক বা অকাজ করুক, তারা মূলত দেশে আলোচনায় আসতে বা পরিচিতি পেতে চায়, নেতা হতে চায়। কিন্তু মাথায় রাখতে হবে, এ নির্বাচন দিয়ে চলচ্চিত্রের আমূল পরিবর্তন হবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে