শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ০১:২৬:০৮

এফডিসিতে আজকের ঘটনায় আমি খুবই অপমানিত হয়েছি : কাজী হায়াত

এফডিসিতে আজকের ঘটনায় আমি খুবই অপমানিত হয়েছি : কাজী হায়াত

বিনোদন ডেস্ক : শিল্পীদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন।

বিকাল ৩টা পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এফডিসির গেটে ঘটল তেমনই একটা কিছু। অভিযোগ এসেছে, ভোট দিতে এসে এফডিসির গেটে লাঞ্ছিত হয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

শুধু তিনি নন, অপমানিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক কাজী হায়াত, জনপ্রিয় নির্মাতা বদরুল আলম খোকন, গাজী জাহাঙ্গীর ও প্রযোজক মোহাম্মাদ ইকবালসহ আরও কয়েকজন নির্মাতা।

ভোটগ্রহণ চলাকালীন বিকাল ৩টার দিকে এফডিসি গেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এফডিসির গেটে নেয়া কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনকে দুষলেন তারা। পরে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের ফোন পেয়ে খোকনসহ সবাইকে প্রবেশ করতে দেয়া হয়।

এমন কড়া নিরাপত্তায় বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে নন্দিত নির্মাতা কাজী হায়াত বলেন, ‘আমি একজন পরিচালক। সরকার আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে। এফডিসিতে আমাকে চেনে না এমন কেউ নেই। অথচ আমাকে এফডিসিতে প্রবেশে বাধা দেয়া হলো। তাহলে এতোদিন কি করেছি? এ ঘটনায় আমি খুবই অপমানিত হয়েছি।

তিনি বলেন, শিল্পীদের নির্বাচন তো এটাই প্রথম নয়। আগেও দেখেছি। অনেক হাই প্রোফাইল তারকারা নির্বাচন করেছেন। এমন বাজে অবস্থা ছিল না। আমাদের গেটে আটকিয়ে কি বোঝাল নিরাপত্তা রক্ষীরা। গেটে এভাবে হয়রানি করা হলো। এমন আচরণ কখনোই মেনে নেয়ার নয়।

প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের এই অতিরিক্ত কড়াকড়ি ব্যবস্থার কারণেই এমন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে