বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মাত্র ১২৫ ভোট পেয়ে হেরে গেলেন মৌসুমী। অন্যদিকে ২২৭ ভোট পেয়ে আবারও জয়ী ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর।
এদিকে ২৮৪ ভোট পেয়ে ফের সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। ২৫ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২১) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।
ফলাফলে বিপুল ভোটে বিজয় ছিনিয়ে নেয় মিশা সওদাগর-জায়েদ খানের পুরো প্যানেল। এদিকে সাধারণত নির্বাচনের পর প্রতিপক্ষ কিংবা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় পরাজিত প্রার্থীকে। কিন্তু সে পথে হাঁটলেন না মৌসুমী।
নির্বাচনের ফল মেনে নিয়ে নতুন কমিটিকে শুভ কামনা জানিয়েছেন প্রিয়দর্শিনী এই নায়িকা। তবে ভোটের আকাশ-পাতাল ব্যবধানকে একটা ‘ম্যাকানিজম’ বলে মন্তব্য করেছেন তিনি। মিশা সওদাগরের সঙ্গে তার ভোটের 'আকাশ-পাতাল' ব্যবধান সম্পর্কে জানতে চাইলে মৌসুমী বলেন, 'এটা তো একটা ম্যাকানিজম।'
প্রিয়দর্শিনী এই নায়িকা বলেন, এই ম্যাকানিজম কিছুটা রোধ করা যেত আমাদের কাঞ্চন ভাই (প্রধান নির্বাচন কমিশনার) যদি এটা বলতেন যে, একেবারেই কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। তাহলে কিন্তু আমরা এই ম্যাকানিজম প্রতিরোধ করতে পারতাম। মানে ভোট দেওয়ার স্বাধীনতা তো দিতে হবে। ভোটারের তো এই স্বাধীনতা ছিল না। এই কারণে আকাশ-পাতাল পার্থক্য চলে আসছে।’
নির্বাচনের ফলাফল নিয়ে আপিল করবেন কিনা-এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘না, আমি ফলাফলের বিরুদ্ধে কোনো আপিল করব না। কারণ, এটা আমি মনে করি ফলাফল যেটা হয়েছে সেটা সবার জন্যই, সবাই যেটা দেখছে আমিও সেটাই দেখছি। সবাই মেনে নিলে আমি মেনে নিব, এখানে আপিল করার কিছুই নেই।’