রবিবার, ০৩ নভেম্বর, ২০১৯, ১২:১৪:৩৯

আজ মৌসুমীর জন্মদিন

আজ মৌসুমীর জন্মদিন

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ। এবারের জন্মদিনটি নিজের পরিবারের সঙ্গে একান্তেই কাটবে বলে জানান মৌসুমী। সকালবেলার কিছুটা সময় এতিমদের সঙ্গে কাটাবেন। বাকিটা সময় পরিবারের সঙ্গে।

জন্মদিন প্রসঙ্গে মৌসুমী বলেন, দেখতে দেখতে জীবনের অনেকটা সময় পেরিয়ে গেছে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে, তিনি আমাকে সুন্দর জীবন দিয়েছেন। সুন্দর একটি পরিবারে জন্ম নিয়েছি। স্বামী-সন্তান নিয়ে বেশ সুখে আছি। জীবনচলার পথে প্রতিটি মুহূর্তে বাবা-মাকে অনুভব করি।

এবারের জন্মদিনে আম্মা পাশে নেই, আম্মাকে খুব মিস করব। স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন-ফাইজাকে নিয়ে এবারের জন্মদিন একেবারেই একান্তে কাটাব। সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ আমাকে, আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন।

মৌসুমী ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন। এখন পর্যন্ত সমান গতিতে কাজ করে চলেছেন তিনি।

১৯৯৬ সালে ‘গরিবের রানী’ ছায়াছবি দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান। তিনি প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দার বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন মৌসুমী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে