বিনোদন ডেস্ক : কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেছেন, তার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়।
তিনি বলেছেন, 'কমলা রকেট' চলচ্চিত্রে তার চরিত্রটি কমেডি বা কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলোর একটি। তিনি জুরি বোর্ডের অনুরোধ করেছেন, ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিতে। না হলে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়।
গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৮ ঘোষণা করা হয়। এতে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ যৌথভাবে পুরস্কার পেয়েছেন আফজাল শরীফ ও মোশাররফ করিম।
তবে পুরস্কার ঘোষণার দুদিন পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরী বোর্ডের কাছে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
বর্তমানে ব্যক্তিগত কাজে মালয়েশিয়াতে আছেন মোশাররফ করিম। নিজের ফেসবুক পেজেও বিষয়টি তার বক্তব্য তুলে ধরেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন..
“গত ৭ নভেম্বর দেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমি নিজের নামও দেখতে পেয়েছি। নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ চলচ্চিত্রের জন্য আমাকে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ পুরস্কার প্রদান করা হয়েছে। কিন্তু এই পুরস্কার প্রাপ্তি নিয়ে আমার কিছু কথা রয়েছে।
তার আগে সবাইকে অবগত করতে চাই, কৌতুকপূর্ণ বা কমেডি চরিত্র আমার কাছে অন্য সব চরিত্রের মতোই সমান গুরুত্বপূর্ণ। কিন্তু ‘কমলা রকেট’ চলচ্চিত্রে আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়।
ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্ধি করেছেন ‘কমলা রকেট’ এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলোর একটি।
সম্মানিত জুরি বোর্ডের কাছে আমার অনুরোধ, ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিলে ভালো হয়। না হলে আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়। আমি কাজটাকে ভালোবেসে আমৃত্যু কাজ করে যেতে চাই।”