বিনোদন ডেস্ক : বলিউডের বিতর্কিত নাম রাখি সাওয়ান্ত। একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি নিজেই। কখনও বিতর্কিত ভিডিও শেয়ার করে লাইমলাইটে থাকতে চান, আবার কখনও বা নিজের বিয়ের খবর নিয়ে নানা হাঙ্গামা করে বেড়ান সোশ্যাল মিডিয়ায়।
এবার এই বিতর্কের রানির ভাষ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তার শ্বশুর! কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় রাখির বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়।
এদিকে মিডিয়াকে তিনি বলেন, বিয়েই করেননি। ফটোশুটের জন্য বিয়ের সাঁজে সেজেছিলেন। কিন্তু পরে আবার নিজেই জানান, তিনি বিয়ে করেছেন। তার স্বামী প্রবাসী, মার্কিন যুক্তরাষ্ট্রে বাস। নিজে সিঁদুর-মঙ্গলসূত্রে সেজে ইনস্টাগ্রামে ছবি দিলেও এখনও পর্যন্ত তার স্বামীকে জনসমক্ষে নিয়ে আসেননি রাখি। তবে তিনি যে নতুন বিবাহিত জীবনে বেশ খুশি, সেকথা বারেবারেই বিভিন্ন লাইভে বলেছেন।
রিসেপশন পার্টি নিয়ে প্রশ্ন করলে রাখি জানান, 'চারিদিকে এত মূল্যবৃদ্ধি। আর তাছাড়া আমার রিসেপশন তো নরেন্দ্র মোদি আয়োজন করবেন।' রাখির দাবি তার স্বামী প্রবাসী ভারতীয় তাই সেই সুবাদে ট্রাম্প নাকি এখন রাখির শ্বশুর। রাখির এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।