বিনোদন ডেস্ক : আজ সোমবার গুণী চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চনকে অপমান ও হা'ম'লার হু'ম'কি দেওয়ার প্রতিবাদে রাজপথে নেমেছে চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এফডিসির সামনের রাস্তায় মানববন্ধন করেন এসব সংগঠনের সদস্যরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান, মহাসচিব বদিউল আলম, পরিচালক সোহানুর রহমান, চিত্রনায়িকা অঞ্জনা, অরুণা বিশ্বাস, ইমন, আলেকজান্ডার বো, মারুফ, শাহিন সুমন, অপূর্ব রানা, ফিল্ম ক্লাবের সভাপতি আতিকুর রহমানসহ চলচ্চিত্রের ১৮টি সংগঠনের নেতারা।
মানববন্ধনে মিশা সওদাগর বলেন, ‘ইলিয়াস কাঞ্চন আমাদের কাছে একজন সম্মানিত শিল্পী। দেশের মানুষের নিরাপদের কথা মাথায় নিয়ে ২৫ বছর ধরে কাজ করে যাচ্ছেন। মানুষের কল্যাণেই নিবেদিতপ্রাণ। তাঁকে অপমান করা মানে পুরো শিল্পীসমাজকে অপমান করা। আমরা তার অপমান সহ্য করব না। শিল্পীদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। নামলে দেশের মধ্যে অনিয়ম হয়ে যাবে।’
মুশফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে পথে নিরাপদে চলতে পারে, তার জন্য কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। যারা পরিবহন শ্রমিক, সবার নিরাপত্তার জন্যও তার দাবি ভূমিকা রাখবে। তাহলে তাকে কেন অপমান করা হচ্ছে? আমরা চাই ইলিয়াস কাঞ্চনকে কেউ ভুল না বোঝে তার দাবির প্রতি সম্মান জানিয়ে সেগুলো বাস্তবায়নে সহমত পোষণ করুন। আমরা চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা তার পাশে আছি।’