বিনোদন ডেস্ক : এন্ড্রু কিশোর এখন ক্যানসারে আক্রান্ত। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন। ব্যয়বহুল এই চিকিৎসা চালানোর জন্য গত অক্টোবর মাসের শেষ দিকে নিজের একটি ফ্ল্যাট বিক্রি করেছেন।
দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর তার ক্যানসার ধরার পর তিনি সিদ্ধান্ত নেন, চিকিৎসার জন্য তিনি কারও কাছ হাত পাতবেন না।
তাই রাজশাহী শহরে ভদ্রা আবাসিক এলাকায় পাঁচ বছর আগে কেনা ফ্ল্যাটটি ৩০ লাখ টাকায় বিক্রি করেছেন। যিনি কিনেছেন, তার কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা পাওয়ার সম্ভাবনা আছে।
জানা গেছে, গত কয়েক বছর যাবৎ এন্ড্রু কিশোর প্রায় প্রতি মাসেই রাজশাহীতে যাওয়া–আসা করেছেন। রাজশাহীতে গিয়ে যেন তার থাকার সমস্যা না হয়, সে কারণেই তিনি অনেক কষ্ট করে ফ্ল্যাটটি কিনেছিলেন। কিন্তু নিজের চিকিৎসার খরচ জোগানোর জন্য শেষ পর্যন্ত তাকে সেই ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে।