বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬, ১১:৩০:৪৬

অনেক বছর বেঁচে থাকুক রাজ্জাক ভাই : মৌসুমী

অনেক বছর বেঁচে থাকুক রাজ্জাক ভাই : মৌসুমী

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। এই কিংবদন্তির ৭৫ তম জন্মদিন ২৩ জানুয়ারি। তার জন্মদিনকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনের শিল্পী ও কলাকৌশুলীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এমনকি বিভিন্ন টিভি চ্যানেলও এই গুণী অভিনেতার জন্মদিনকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন।

চলচ্চিত্র পাড়ায় জুনিয়র শিল্পীদের কাছে নায়করাজ রাজ্জাক একজন অভিভাবকের মত। জুনিয়ররা তাকে যেমন শ্রদ্ধা করেন, তেমনভাবে রাজ্জাকও সন্তানদের মতই জুনিয়রদের স্নেহ করেন। আর তাই তো নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিনে তার সান্নিধ্য পাওয়া প্রিয়দর্শীনি অভিনেত্রী মৌসুমী জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা।

মৌসুমী বলেছেন, ‌‘রাজ্জাক ভাই গুণী শিল্পী। তার সঙ্গে কাজ করা অনেক ভাগ্যের ব্যাপার। সেই সুযোগ আমার হয়েছে। মানুষ হিসেবেও তিনি অনন্য। আমাদের চলার পথে অনেক ভুল হয়েছে, রাজ্জাক ভাইকে কোনো দিন তা ধরে রাখতে দেখিনি। সামনে থাকলে সঙ্গে সঙ্গে শুধরে দিতেন। পরে দেখা হলে এমনভাবে কথা বলতেন, মনে হতো না তিনি কোনো বিষয়ে কখনো কষ্ট পেয়েছেন’।

তিনি আরও বলেন, ‘আমরা প্রায়ই রাজ্জাক ভাই আর কবরী আপাকে নিয়ে মজা করে কাজ করতাম। সহশিল্পীদের সহযোগিতার ব্যাপারে রাজ্জাক ভাই খুবই আন্তরিক। ২০০২ সাল। আমি তখন ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ছবিটি বানাব। তার আগে রাজ্জাক ভাই হৃদরোগে আক্রান্ত হন। তখন অবশ্য কিছুটা সুস্থ তিনি। তবে কোনো কাজ করছিলেন না’।

মৌসুমী বলেন, ‘সেসময় একটি চরিত্রের জন্য তাকে খুব দরকার ছিল। প্রস্তাব দিতেই তিনি রাজি হয়ে গেলেন। রাজ্জাক ভাইয়ের মতো এত বড় মাপের অভিনেতা তিনি আমাদের মাঝে আরও অনেক বছর ধরে বেঁচে থাকুন। তার ছায়া যত দিন থাকবে, চলচ্চিত্রে কোনো অশুভ ছায়া থাকবে না। তার আলোয় এফডিসি আলোকিত থাকে’।
২১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে