বিনোদন ডেস্ক : একটি হিন্দু সংগঠনের বিক্ষোভের মুখে বন্ধ করে দেয়া হয়েছে সানি লিওনের বিতর্কীত ছবি 'মাস্তিজাদে'। ভারতের 'হিন্দু নয়া পীঠ' নামের ওই সংগঠনের সদস্যরা লুধিয়ানার একটি মাল্টিপ্লেক্সের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ করেন।
তাদের অভিযোগ, ওই ছবিতে বহু অশালীন দৃশ্য এবং সংলাপ রয়েছে, যা সমাজের জন্য ক্ষতিকর। এ ছাড়া সংগঠনের দাবি, এ ছবিতে একটি মন্দিরের ভেতরে নায়ক-নায়িকাকে কিছু আপত্তিকর দৃশ্যে দেখা গেছে, যা মেনে নেয়া যায় না। তাই বিশেষ কিছু দৃশ্য বাদ দিয়ে ছবিটি দেখানোর দাবি তোলেন বিক্ষোভকারীরা।
এদিকে তীব্র বিক্ষোভের মুখে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ছবিটি কাটছাঁট করে প্রদর্শনের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ছবিটি বন্ধ করতে বাধ্য করেন বিক্ষোভকারীরা।
লুধিয়ানার ডেপুটি পুলিশ কমিশনার নরেন্দ্র ভার্গব জানিয়েছেন, মাল্টিপ্লেক্সের নিরাপত্তারক্ষী এবং সংগঠনটির সদস্যদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবসেনার পাঞ্জাব শাখাও গতকাল ফাগওয়াড়ায় 'মাস্তিজাদে'র প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ করে। তবে বিক্ষোভ যতই হোক, মুক্তির এক সপ্তাহের মধ্যে ছবিটি প্রায় ২০ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন