বিনোদন ডেস্ক : ভিন্ন কথা বলে একজন অভিনেতাকে দাঁড়িপাল্লার বিজ্ঞাপনে অভিনয় করানো হয়েছে— এমনই অভিযোগ তুলেছেন অভিনেতা সোহেল তৌফিক। নিজের ফেসবুক হ্যান্ডলে তিনি এ অভিযোগ তোলেন।
সোহেল ‘মাশরাফি জুনিয়র’ মেগাসিরিয়ালের বেশ পরিচিত ও জনপ্রিয় অভিনেতা। মূখ্য চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্রেও।
তাকে একটি নির্বাচনী অ্যাপে মডেল হবার চুক্তি করা হয়। কিন্তু সেটা প্রচারে এলে দেখা যায় সেটা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার নির্বাচনী বিজ্ঞাপন। এতে ঐ অভিনয়শিল্পী নিজেকে প্রতারিত মনে করছেন।
বিষয়টি নিয়ে সোহেল তৌফিক বলেন, ‘আমি একটি সামাজিক অভিযোগ গ্রহণকারী অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করার জন্য সম্মতি দিয়েছিলাম।
যার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে অভিযোগ জানানোর একটি প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা। কিন্তু পরবর্তীতে আমার অজান্তে ও সম্মতি ছাড়া বিজ্ঞাপনের শেষে একটি রাজনৈতিক ভোট আহ্বান সংযুক্ত করা হয়।’
তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন জানিয়ে বলেন, ‘শুটিংয়ের পূর্বে, শুটিং চলাকালীন কিংবা শুটিং-পরবর্তী কোনো পর্যায়েই আমাকে জানানো হয়নি যে এটি কোনোভাবে নির্বাচনী প্রচারণার অংশ। এই বিষয়টি সম্পূর্ণভাবে আমার নৈতিক অবস্থান ও পেশাগত সম্মতির বাইরে।
আমি স্পষ্টভাবে জানাতে চাই— আমি কোনো রাজনৈতিক দল, প্রতীক বা নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত নই।’