রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫১:১৯

জামায়াতের নিবন্ধন বাতিল দাবির বক্তব্য আমার নয় : তনি

জামায়াতের নিবন্ধন বাতিল দাবির বক্তব্য আমার নয় : তনি

এমটিনিউজ২৪ ডেস্ক : সচেতন নাগরিক সমাজ (সিসিএস)-এর সদস্যসচিব রোবাইয়াত ফাতিমা তনি জানিয়েছেন, জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি সংবাদ সম্মেলনে পাঠের দায়িত্ব তিনি নিয়েছিলেন, কিন্তু এটি তার ব্যক্তিগত উদ্যোগ নয়।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে স্মারকলিপি পাঠ করা হয়েছে আহ্বায়ক নীলা ইসরাফিলের সরাসরি অনুরোধ ও স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ী।

তনি জানান, স্মারকলিপিটি সম্পূর্ণরূপে নীলা ইসরাফিল ও সংগঠনের উদ্যোগে প্রস্তুত করা হয়েছে এবং তিনি এর রচয়িতা নন।

রোবাইয়াত ফাতিমা তনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি। সংবাদ সম্মেলনে তার বক্তব্য ছিল কেবল সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত লিখিত বক্তব্য পাঠের একটি আনুষ্ঠানিক দায়িত্ব পালন।

সংবাদ সম্মেলনের পর থেকে তনি ও তার পরিবার প্রাণনাশের হুমকি, ব্যাবসা বন্ধের হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্যের শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, সংগঠিতভাবে অনলাইন বুলিং, ট্রলিং, মিথ্যা তথ্য প্রচার এবং ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তনি জানান, যারা তাকে বা তার পরিবারকে হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে থানায় জিডি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাইবার আইনসহ অন্যান্য আইনের আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতে পারে, তবে প্রাণনাশের হুমকি, মানহানি ও ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কার্যক্রম বন্ধ না হলে সর্বোচ্চ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্মারকলিপিটি পাঠ করেন তিনি। সে সময় তাকে সংগঠনটির সদস্যসচিব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আহ্বায়ক হিসেবে নীলা ইসরাফিলের নাম উল্লেখ করা হয়।

তবে রবিবার (২২ ফেব্রুয়ারি) দেওয়া এক লিখিত বিবৃতিতে তনি জানান, নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধে ও স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ী তিনি বক্তব্যটি পাঠ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে