বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ১০:৪২:০৫

সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি: ডলি সায়ন্তনী

সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি: ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক : দেশজুড়ে আলোচিত ও জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতাঙ্গনের জনপ্রিয় মুখ ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। তবে বিচ্ছেদের পর দুই জনই দীর্ঘদিন নীরব থাকলেও হঠাৎ রবি চৌধুরীর বক্তব্যে নতুন করে আলোচনায় এই দম্পতি।

কয়েকদিন আগে এক পডকাস্টে সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীর বিরুদ্ধে বিপ্লব নামের এক ড্রাইভারের সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলেছেন রবি। তিনি দাবি করেন, ডলি সায়ন্তনীর সঙ্গে তার সংসার ভাঙার পেছনে বিপ্লব নামের এক ড্রাইভারের ভূমিকা ছিল।

এদিকে গায়কের দাবি অনুযায়ী, ওই ব্যক্তির সঙ্গে ডলি পরকীয়ায় জড়িয়েছিলেন এবং পরবর্তীতে বিষয়টি প্রমাণও হয়। তবে তার এ অভিযোগ, সম্পূর্ণ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন ডলি।

বুধবার (৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না বানানোর অনুরোধ জানিয়ে এ সংগীতশিল্পী লিখেন, ‘আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে।’

‘তবে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই— যে ডিভোর্স প্রসঙ্গে নানা কথা বলা হচ্ছে, ডিভোর্স আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না,’ বলেন ডলি সায়ন্তনী।

বিচ্ছেদের কারণের বিষয়ে তিনি বলেন, ‘ডিভোর্স দেওয়ার পর সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছিলাম। অতএব এত বছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। মাহে রমজানে আল্লাহ সবাইকে পবিত্রতা রক্ষার তৌফিক দান করুক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে