বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। ক্যারিয়ারজুড়ে অসংখ্য রোমান্টিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। সেসব সিনেমা হতো ত্রিভুজ প্রেমের। প্রায় সিনেমাতেই তিনি থাকতেন স্যাক্রিফাইসের ভূমিকায়। আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তুলতেন তিনি।
এজন্য দর্শক তাকে ভালোবেসে কখনো ‘ছ্যাঁকা খাওয়া নায়ক’ কখনো বা ‘ব্যর্থ প্রেমের নায়ক’, ‘মিস্টার স্যাক্রিফাইস’ বলে ডাকেন। আজ এ নায়কের জন্মদিন। জন্মদিন ঘিরে তারকাদের অনেক পরিকল্পনা থাকে। অনেককে আবার এ দিনটিকে নানা আয়োজনেও পালন করতে দেখা যায়। তবে এক্ষেত্রে বাপ্পারাজ একটু ব্যতিক্রম। জন্মদিন নিয়ে তার থাকে না কোনো পরিকল্পনা। দিনটি উদযাপন করারও পক্ষে নন তিনি।
এক সাক্ষাৎকারে বাপ্পারাজ বলেন, ‘জন্মদিন আমি উদযাপন করি না। এমনকি বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এ ধরনের কোনো দিবসই পালন করি না। এসব নিয়ে আমার আগ্রহও নেই। এই পালনের কোনো অর্থও আমি খুঁজে পাই না। হুদাই মনে হয়। আমি জন্মাইছি তো জন্মাইছি, কী এমন হয়েছে। জন্মগ্রহণ করে কী এমন করে ফেলছি যে এটা সাড়ম্বরে উদযাপন করতে হবে।’
তবে তার জন্মদিন নিয়ে ফেসবুকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানান। এমনকি তাকে নিয়ে নানা পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায়। তবে এসব বেশ উপভোগ করেন এই নায়ক। তিনি বলেন, 'ফেসবুকে সবাই যে শুভকামনা জানায়—এটা মজাই লাগছে। মনে হয়, এটাই আমার অর্জন।
মানুষ যে নিঃস্বার্থভাবে এটা করে, এটা কয়জনেরই জীবনে জোটে। কত লোকে কাঁড়ি কাঁড়ি টাকা-পয়সা দিয়েও মানুষের মনে থাকতে পারে না। আমি তো বছরের পর বছর শুধু অভিনয়ের কারণে মানুষের মনে আছি। মানুষই তাদের মতো করে ভালোবেসে দিনটি উদযাপন করে, এটা সত্যিই ভীষণ আনন্দের।'
উল্লেখ্য, বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৬ সালে ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। তিন দশকের বেশি সময়ে অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি বাপ্পারাজ সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন।
বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে সম্প্রতি ‘বিদায়’ নামে একটি সিনেমায় কাজ করেছেন। এটি পরিচালনা করছেন মেহেদি হাসান। এতে বাপ্পারাজের সঙ্গে কাজ করছেন প্রার্থনা ফারদিন দীঘি। তা ছাড়া অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদসহ একঝাঁক তারকা শিল্পী।