মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ০৭:৫৫:২১

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির

বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের একাধিক তারকার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কেউই মনোনয়ন পাননি। রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো পরিচিত মুখরাও দলীয় মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন।

গত সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। 

এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি।

আজ ২১ এপ্রিল নিজের ফেসবুক পোস্টে ন্যানসি লিখেছেন, ‘গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল—এসব তারকাকে শোপিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’

ন্যানসির এই মন্তব্যের পর পোস্টের মন্তব্যের ঘরেও সমর্থনের ঝড় ওঠে। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

একজন লিখেছেন, ‘এ জন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী।’ আরেকজন মন্তব্য করেন, ‘আপনার সঙ্গে আমিও একমত।’
গত ১০ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় এক হাজার ৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন।

তাদের মধ্যে ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রিনা খান ও রুকাইয়া জাহান চমকসহ শোবিজ অঙ্গনের আরো কয়েকজন পরিচিত মুখ।

তবে ২০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে জানা যায়, মনোনয়ন পাননি কোনো তারকাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে