বিনোদন ডেস্ক : জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। একদিকে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ এর মুক্তি নিয়ে উন্মাদনা, অন্যদিকে তার সাম্প্রতিক কিছু ব্যক্তিগত ও সংবেদনশীল আচরণ ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে।
সম্প্রতি লন্ডনে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ এর প্রিমিয়ার চলাকালীন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ভক্ত হ্যাথাওয়েকে একটি পবিত্র কুরআন উপহার দিচ্ছেন।
সেই ভক্তকে বলতে শোনা যায়, আমি আপনার জন্য এ কুরআনটি নিয়ে এসেছি। আমি আপনার সেই ভিডিওটি দেখেছি যেখানে আপনি ‘ইনশাআল্লাহ’ বলেছেন।
উপহারটি গ্রহণ করার সময় হ্যাথাওয়ে অত্যন্ত বিনয় ও হাসিমুখে তাকে ধন্যবাদ জানান। তার এ মার্জিত ভঙ্গি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান হ্যাথাওয়ে ‘ইনশাআল্লাহ’ শব্দটি ব্যবহার করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বয়স বৃদ্ধি এবং মাতৃত্ব নিয়ে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি একটি দীর্ঘ এবং সুস্থ জীবন কাটাতে চাই, ইনশাআল্লাহ। আমি তেমনই আশা করি।’
অভিনেত্রীর মুখে ‘ইনশাআল্লাহ’ শব্দটির সঠিক এবং সাবলীল ব্যবহার দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকের মতে, এ মন্তব্যের মাধ্যমেই তিনি সাধারণ মানুষের সংস্কৃতির প্রতি তার সম্মান প্রদর্শন করেছেন।
এদিকে আগামী ১ মে মুক্তি পেতে যাচ্ছে ২০০৬ সালের কালজয়ী সিনেমা ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা’র সিক্যুয়েল। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, মূল সিনেমার পরিচালক ডেভিড ফ্র্যাঙ্কেল এবং লেখক অ্যালাইন ব্রশ ম্যাককেনা এ পর্বেও কাজ করছেন।
প্রথম কিস্তির মতো এ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতেও মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট এবং স্ট্যানলি টুচি তাদের আগের চরিত্রেই ফিরছেন। আর কেনেথ ব্রানাঘ, প্যাট্রিক ব্রামাল, সিমোন অ্যাশলে, লুসি লিউ এবং লেডি গাগার মতো বড় তারকারা এবার নতুন করে যুক্ত হয়েছেন।
তবে প্রথম সিনেমার অভিনেতা অ্যাড্রিয়ান গ্রেনিয়ারকে এ সিক্যুয়েলে দেখা যাবে না। সূত্র: এনডিটিভি