বিনোদন ডেস্ক : চুপিসারে বিয়ে করেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। বিষয়টি এতদিন গোপন থাকলেও অবশেষে অভিনেত্রী নিজেই তা সেটি নিশ্চিত করলেন। এমনকি নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করেছেন তিনি।
সুবাহ জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনি কার্যক্রমে যুক্ত থাকার কারণে বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি।
জানা গেছে, সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকাতেই।
বিয়ে প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।
সুবাহ বলেন, ‘বিয়ে বিষয়টি থাকে সম্পূর্ণ আল্লাহর হাতে। আমাদের পরিচয় অনেক দিনের, তবে গত রোজার ঈদের পরে আমরা বিয়ে করেছি।
আমার স্বামী হাসান যুক্তরাষ্ট্রে থাকেন। আমি যেহেতু গ্র্যাজুয়েশন শেষ করতে আইন পড়ছি, তাই আপাতত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাচ্ছি না, আসা-যাওয়ার মধ্যে থাকব।’
এদিকে স্বামীকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন সুবাহ। সেই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
নতুন এই পথচলায় তাদের জন্য শুভকামনা জানিয়েছেন বিনোদন অঙ্গনের সহকর্মীসহ ভক্তরা।
উল্লেখ্য, একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় এসেছিলেন সুবাহ।
পরে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিয়ে ও দাম্পত্য কলহ নিয়ে আইনি জটিলতায় জড়ান, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।