রবিবার, ১৭ মে, ২০২৬, ১১:৩৯:০৯

বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে কারিনার প্রথম জানাজা

বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে কারিনার প্রথম জানাজা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ রোববার (১৭ মে) দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও সাবেক ফুটবলার কায়সার হামিদ।

তিনি জানান, ভারতের চেন্নাই থেকে কারিনার মরদেহ আজ দুপুরে দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন কায়সার হামিদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-এর কারণে তার লিভার বিকল হয়ে পড়েছিল। অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ করে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ বিপজ্জনকভাবে কমে গেলে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

কনটেন্ট নির্মাণের পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য রচনায়ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন কারিনা। ওটিটি প্ল্যাটফর্মে প্রশংসিত সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এ তার কাজ দর্শকমহলে বিশেষ সাড়া ফেলেছিল। তার অকালমৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে