বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের অভিনেত্রী রঞ্জিতা কনা রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন। তিনি রোববার (১৭ মে) চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে গিয়েছিলেন নির্বাচনের পরিবেশ দেখতে। সেখান থেকে ফেরার পথে এমন দুর্ঘটনার শিকার হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
জানা যায় ছিনতাইকারীর কবলে পড়ে অভিনেত্রীর কান ছিঁড়ে যায়। পরে সাতটি সেলাই লাগে। এমন ঘটনায় বেশ ভয়ে পেয়ে যান ‘ঢাকা ৮৬’–র নায়িকা রঞ্জিতা।
পরে তাকে অভিনয়শিল্পী সমিতির সদস্যদের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাকে দেখতে ভিড় করতে থাকেন সহকর্মীরা।
এ ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ছিনতাইকারী আমার কানের দুল ধরে টান দেয়।’
এ ঘটনায় চিৎকার করারও সময় পাননি রঞ্জিতা। ভয়ে কোনো কথাও বলতে পারছিলেন না। তিনি লক্ষ করেন, কান থেকে তার দুল টান দিয়ে ছিনতাইকারী পালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। পরে চিৎকার করি। তখন দেখি কান থেকে রক্ত ঝরছে। আমার কানে দুল নাই। ছিনতাইকারী দুল টান দেয়ায় কানটা ছিঁড়ে গেছে। আমার কান দুই ভাগ হয়ে গেছে।’
পরে এই অভিনেত্রী শিল্পী সমিতির সদস্যদের ফোন দিয়ে সহায়তা চান। এ সময় রঞ্জিতা জানান, অনেকেই তাকে সহায়তা করেননি। পরে জয় চৌধুরীকে ফোন দিলে সঙ্গে সঙ্গে চলে আসেন।
রঞ্জিতা বলেন, ‘জয়সহ কয়েকজন আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। আমার কানে সাতটি সেলাই দিতে হয়েছে। এই অভিজ্ঞতা প্রথম। আমি এমনিতেই কিছুটা অসুস্থ, এমন অভিজ্ঞতা যেন আর কারও সঙ্গে না হয়।’
এ ঘটনা ঘটে রামপুরা বাজার এলাকায়। সেখানেই একটি গলি দিয়ে বাসায় যাচ্ছিলেন রঞ্জিতা রাত সাড়ে ৯টার দিকে। জয় চৌধুরী বলেন, ‘আমি রাতে হঠাৎ দেখি রঞ্জিতা আপুর মোবাইল ফোন থেকে তিনটি কল ও একটি এসএমএস। সেখানে লেখা জরুরি। পরে ফোন দিয়ে জানতে পারি রঞ্জিতা আপুর অবস্থা। সঙ্গে সঙ্গে চলে যাই। হাসপাতালে গিয়ে দেখি তখনো রক্ত থামছিল না। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে কানে সেলাই দেয়া হয়। তার সুস্থতার জন্য দোয়া চাই।’
আশির দশকের শেষ ভাগে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের নায়িকা হয়ে আবির্ভূত হয়েছিলেন রঞ্জিতা। প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।