বিনোদন ডেস্ক : ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ নতুন এ ডায়লগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই হাস্যরস, ব্যঙ্গ কিংবা খোঁচা দেয়ার ভাষা হিসেবে ব্যবহার করছেন এ সংলাপ। ভাইরাল হওয়া ডায়লগটির উৎস একটি ভিডিও। এই ডায়লগটি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি-উৎসাহকে ‘রুচির দুর্ভিক্ষ’ বলে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে কড়া সমালোচনা করে নিলয় লেখেন, ‘রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও, রুচির দুর্ভিক্ষ।’
মূলত কোনো সাধারণ বিষয় বা ব্যক্তিকে হঠাৎ ভাইরাল করে পরে সেটিকে ঘিরে বাণিজ্যিক ও সামাজিকভাবে ব্যবহার করার যে প্রবণতা বাংলাদেশে দেখা যায়, অভিনেতা সেদিকেই ইঙ্গিত করেছেন।
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশ অভিনেতার এই বক্তব্যের সঙ্গে একমতও পোষণ করেছেন।