বিনোদন ডেস্ক : এক বছর কেটে গেলেও বাবার শূন্যতা আজও তাড়া করে ফেরে তাকে। সময়ের ব্যবধানেও কমেনি শোকের ভার। বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে কবরের পাশে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।
বিষাদময় সেই দিনেই আরও দুটি মৃত্যুসংবাদ নাড়িয়ে দিয়েছে পিয়াকে। তরুণ উদ্যোক্তা প্রিয়া এবং নৃত্য পরিচালক জাকির হোসেনের মৃত্যু তাকে জীবনের অনিশ্চয়তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
ফেসবুক পোস্টে পিয়া জানান, কয়েক মাস আগেও প্রিয়ার সঙ্গে কাজের বিষয়ে কথা হয়েছিল। তার স্বপ্ন, পরিকল্পনা ও কাজের প্রতি নিবেদন পিয়াকে মুগ্ধ করেছিল। কিন্তু হঠাৎ করেই সবকিছু থেমে গেল। তাই দিন শেষে একটি কথাই বারবার মনে পড়ে বলে লিখেছেন তিনি, 'মৃত্যুই সবার শেষ গন্তব্য।'
পোস্টের শেষাংশে বাবার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পিয়া। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলে তার ধন-সম্পদ নয়, মানুষের মনে বেঁচে থাকে তার মানবিকতা, সুন্দর ব্যবহার আর ভালো কাজগুলো।
ইহকালের সব ব্যস্ততা, অর্জন আর পরিচয়ের শেষে মানুষ রেখে যায় শুধু স্মৃতি। আর সেই স্মৃতিই হয়ে ওঠে প্রিয়জনদের হৃদয়ে তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর ঠিকানা।