বিনোদন ডেস্ক : হঠাৎ মাথা ন্যাড়া, আর তাতেই জল্পনার ঝড়ে সালমান খান। সাম্প্রতিক এক অনুষ্ঠানে এই নতুন লুকে দেখেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেতাকে।
ঘটনার শুরু কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়ের আসর থেকে। সেখানে সালমানকে দেখে অনেকেই লক্ষ্য করেন, আগের তুলনায় ওজন কিছুটা বেড়েছে, চুলও পাতলা দেখাচ্ছে। এরপর থেকেই শুরু হয় নানা গুঞ্জন, শিগগিরই নাকি চিকিৎসার জন্য আমেরিকা যেতে পারেন তিনি।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, জটিল শারীরিক সমস্যার কারণে নাকি নিয়মিত স্টেরয়েড নিতে হচ্ছে তাকে। তার প্রভাবেই শরীরে মেদ জমা এবং চুল পড়ার মতো পরিবর্তন দেখা যাচ্ছে। যদিও নিজের অসুস্থতা নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি সালমান।
ইন্ডাস্ট্রির একাধিক সূত্র বলছে, অভিনেতার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। পরিবারের সদস্যরা তাকে বারবার বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিচ্ছেন। এর আগেও একাধিকবার আমেরিকায় চিকিৎসা করিয়েছেন তিনি।
৬০-এর কাছাকাছি বয়স হলেও বরাবরই ফিটনেস সচেতন সালমান খান। নিয়মিত শরীরচর্চা করেন, এমনকি নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন। তবে সাম্প্রতিক শারীরিক সমস্যার মধ্যেও মুম্বাই ছেড়ে যেতে অনীহা দেখা যাচ্ছে তার মধ্যে।
এদিকে কাজও থেমে নেই। ২০২৬ সালের অক্টোবর থেকেই পরিচালক জুটি রাজ ও ডিকের নতুন অ্যাকশন ছবির শুটিং শুরু হওয়ার কথা, যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন সালমান। তার আগেই ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালীন পেশিতে তীব্র যন্ত্রণার কারণে কয়েক মাস কাজ বন্ধ রাখতে হয়েছিল তাকে।